এখন সময় রিপোর্ট • প্রকাশিত: ১৬ অক্টোবার ২০২৫, ১১:১৯ পিএম • অনলাইন সংস্করণ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।


শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফল জানতে পারবে। এছাড়া নির্ধারিত শর্ট কোড 16222-এ এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।


ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইট www.rescrutiny.eduboardresults.gov.bd-এর মাধ্যমে। আবেদন পদ্ধতি ও বিস্তারিত তথ্য বোর্ডগুলোর ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকায় জানানো হবে।


এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৯ আগস্ট থেকে, আর ব্যবহারিক পরীক্ষা ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলে। সারাদেশে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।


মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থী ২ লাখ ৯১ হাজার ২৪১, রাজশাহীতে ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭ এবং চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন।


এ ছাড়া বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন শিক্ষার্থী অংশ নেয়। মাদরাসা শিক্ষা বোর্ডে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নেয় ১ লাখ ৯ হাজার ৬১১ জন।