রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে উত্তর বাড্ডার এএমজেড হাসপাতালের কাছে অছিম পরিবহনের মিরপুরগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এটি ৪৮ ঘণ্টার মধ্যে বাড্ডা এলাকায় চলন্ত বাসে আগুন দেওয়ার দ্বিতীয় ঘটনা।
প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কয়েকজন যাত্রীবেশে বাসে ওঠে এবং আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সময় বাসে যাত্রীরা ওঠা-নামা করছিলেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান খবরটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় রাত ৮টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
বারিধারা ফায়ার সার্ভিসের পরিদর্শক মাজাহারুল ইসলাম জানিয়েছেন, আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাড্ডা থানার ওসি নাসিরুল ইসলাম বলেন, কে বা কারা বাসে আগুন দিয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায়ও একটি চলন্ত যাত্রীবাহী বাসে একই ধরনের আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।