এখন সময় রিপোর্ট • প্রকাশিত: ৩১ অক্টোবার ২০২৫, ০৭:০৯ এ এম • অনলাইন সংস্করণ

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক। নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ সংশোধনের মাধ্যমে এ প্রতীকটি আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের ১৯৭২ সালের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এ প্রয়োজনীয় সংশোধন এনেছে। এতে বলা হয়, বিধি ৯ এর উপবিধি (১) প্রতিস্থাপন করে নতুন ধারা সংযোজন করা হয়েছে, যার আওতায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা স্থগিতকৃত প্রতীক বাদে নির্ধারিত তালিকা থেকে প্রাপ্যতার ভিত্তিতে প্রতীক পেতে পারবেন।

এই সংশোধনের ফলে ‘শাপলা কলি’ এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক হিসেবে অনুমোদিত।

এর আগে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দীর্ঘদিন ধরে শাপলা প্রতীক দাবি করে আসছিল। এই দাবিকে কেন্দ্র করে ইসির সঙ্গে তাদের একাধিকবার বৈঠক ও চিঠি চালাচালি হয়। গত ৭ অক্টোবর এনসিপি নির্বাচন কমিশনে শাপলা প্রতীকের সাতটি নমুনা পাঠায়, তবে কমিশন তা গ্রহণ করেনি। ইসি জানিয়েছিল, বিদ্যমান তালিকায় থাকা প্রতীকগুলোর মধ্য থেকেই বেছে নিতে হবে, অন্যথায় কমিশন নিজ উদ্যোগে প্রতীক বরাদ্দ দেবে।

গত ১৯ অক্টোবর ছিল প্রতীক পছন্দের শেষ দিন। কিন্তু এনসিপি তখনও জানায়, তারা ‘শাপলা’ ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না। অবশেষে কমিশন তাদের দাবি বিবেচনা করে ‘শাপলা কলি’ প্রতীক সংযোজন করে প্রজ্ঞাপন জারি করেছে।

এই সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ পদক্ষেপ নির্বাচন কমিশনের নমনীয়তার পাশাপাশি ছোট দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতেও সহায়ক ভূমিকা রাখবে।