এখন সময় রিপোর্ট • প্রকাশিত: ০৪ নভেম্বার ২০২৫, ০৩:২৩ এ এম • অনলাইন সংস্করণ

আসন্ন নির্বাচনে বিএনপির ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা

আসন্ন নির্বাচনে বিএনপির ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোট ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে কিছু আসনে প্রার্থীর নাম পরবর্তীতে পরিবর্তিত বা সংযোজিত হতে পারে।

ঢাকার আসনগুলোতে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক এবং ঢাকা-১৯ আসনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০ নম্বর আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।

মায়ের ডাকের তুলি ঢাকা-১৪ আসনে

ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সানজিদা ইসলাম তুলি। তিনি গুম ও নিখোঁজদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়কারী হিসেবে পরিচিত।

 সোমবার সন্ধ্যায় গুলশানে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তার নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়া ও তারেক রহমানের আসন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন—দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১।

 এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেন মহাসচিব।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

চূড়ান্ত প্রার্থী তালিকা পরবর্তীতে আরও হালনাগাদ হতে পারে বলে জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়, এই নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই তারা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছে।