ঢাকা অফিস • প্রকাশিত: ০৫ ডিসেম্বার ২০২৫, ০৪:৪৮ এ এম • অনলাইন সংস্করণ

আমাকে মৃত্যুদণ্ড দিলো, তারপরই ভূমিকম্প হলো, এটা আল্লাহরই একটা খেলা: শেখ হাসিনা

আমাকে মৃত্যুদণ্ড দিলো, তারপরই ভূমিকম্প হলো, এটা আল্লাহরই একটা খেলা: শেখ হাসিনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ড ঘোষণার দিনই চট্টগ্রাম বন্দর লিজ সংক্রান্ত চুক্তি সামনে আসা এবং পরপর কয়েকটি ভূমিকম্পের ঘটনাকে 'আল্লাহর খেলা' বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি অডিও বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান।

শেখ হাসিনা বলেন, “এটা আল্লাহরই একটা খেলা। আমাকে মৃত্যুদণ্ড দিলো। সেদিনই আবার পোর্ট বিক্রির চুক্তি করে ফেললো। তারপরই ব্যাপকভাবে ভূমিকম্প হলো, তাও আবার পরপর দুইদিন।”

ট্রাইব্যুনালের রায় ও বন্দরের চুক্তি

জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার বিষয়টি নিয়ে চলমান বিতর্কও এই সময়ে সামনে আসে। হাইকোর্ট গত ৩০ জুলাই এই চুক্তির বৈধতা প্রশ্নে রুল জারি করে জানতে চেয়েছিল কেন প্রক্রিয়াটি আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। এই রুলের শুনানিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়া স্থগিতের পক্ষে মত দিলেও, জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিটটি খারিজ করে দেন।

ভূমিকম্পে হতাহতদের নিয়ে উদ্বেগ

চলতি বছরে ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এই ভূমিকম্পে ১০ জন প্রাণ হারান এবং বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয়। এছাড়াও ২২, ২৩, ২৬ নভেম্বর এবং ৪ ডিসেম্বর দেশে মৃদু কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে শেখ হাসিনা বলেন, “যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করি এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি জানাই। আহতদের যেন দ্রুত চিকিৎসা দেওয়া হয় তা কামনা করি, কারণ চিকিৎসার ক্ষেত্রেও রয়েছে মারাত্মক অব্যবস্থা।”

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে আরও বলেন, “চিকিৎসা কেন পাবে না, আমি ক্ষমতায় থাকলে তো কখনো এ রকম হতো না। আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার ও চিকিৎসা শুরু করতাম, কিন্তু তারা সব দিকেই ব্যর্থ।”