ঢাকা অফিস • প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ পিএম • অনলাইন সংস্করণ

আদর্শিক দ্বন্দ্ব ও অপমানের অভিযোগে জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন

আদর্শিক দ্বন্দ্ব ও অপমানের অভিযোগে জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন ও জামায়াতের রাজনৈতিক জোটে ফাটল ধরেছে। আদর্শিক মতপার্থক্য এবং শীর্ষ নেতৃত্বকে অবমাননার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ঐক্য থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

গাজী আতাউর রহমান বলেন, জামায়াতে ইসলামী তাদের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। সম্প্রতি খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে এক বৈঠকে জামায়াত নেতারা প্রচলিত আইনে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন, যা ইসলামী আন্দোলনের শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার লক্ষ্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। আদর্শিক এই পার্থক্যের কারণেই জোটে থাকা আর সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিয়ে তিনি আরও জানান, জামায়াতের বর্তমান রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী পরিকল্পনা নিয়ে তাদের সংশয় রয়েছে। জামায়াত আমিরের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জাতীয় সরকার গঠনের আলোচনা আসলে সমঝোতার নির্বাচনেরই ইঙ্গিত দেয়। এতে দেশের মানুষ একটি সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন থেকে বঞ্চিত হতে পারে।

জোট ভাঙার পেছনে অন্যতম বড় কারণ হিসেবে ব্যক্তিগত অপমানের অভিযোগ তুলেছেন গাজী আতাউর রহমান। তিনি জানান, গত ৯ ডিসেম্বর এক একান্ত বৈঠকে জামায়াতের আমির পীর সাহেব চরমোনাইয়ের ভোটব্যাংক নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেন। একটি জরিপের দোহাই দিয়ে ইসলামী আন্দোলনের ভোট সংখ্যাকে অত্যন্ত নগণ্য বলে উল্লেখ করা হয়, যা দলটির জন্য অসম্মানজনক। এই ঘটনার পর থেকেই বিচ্ছেদের পথ বেছে নেয় ইসলামী আন্দোলন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ না থেকে এককভাবে লড়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। এখন পর্যন্ত ২৬৮টি সংসদীয় আসনে 'হাতপাখা' প্রতীক নিয়ে একক প্রার্থী দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে সমমনা অন্য কোনো ইসলামপন্থি শক্তি ঐক্য করতে চাইলে আলোচনার পথ খোলা রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।