ঢাকা অফিস • প্রকাশিত: ০৬ নভেম্বার ২০২৫, ০৮:১৬ এ এম • অনলাইন সংস্করণ

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: ডা. শফিকুর রহমান

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে, নির্বাচনে জামায়াত কোনো রাজনৈতিক জোটে যাবে না।

বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আদায় করে ছাড়বে জামায়াত। তার দাবি, নির্বাচন না হলে দেশে নতুন করে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি জানান, জামায়াত পূর্বে যেমন সিদ্ধান্ত নিয়েছিল, এবারও তারা একা লড়বে এবং কোনো জোটে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই।

সম্প্রতি তার বিদেশ সফরকে ঘিরে ওঠা আলোচনার বিষয়ে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিভিন্ন দেশে দেখা হয়েছে। তাদের ভালোবাসা, সমর্থন ও প্রত্যাশা তাকে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখলেও প্রবাসীরা দেশে যথাযথ সম্মান পান না, যা দুঃখজনক।

জামায়াত আমির হিসেবে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম সিলেট সফর। শহরে পৌঁছানোর পর তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে যোগ দেবেন বলে জানা গেছে।