ঢাকা অফিস • প্রকাশিত: ১৬ ডিসেম্বার ২০২৫, ০৪:২৮ এ এম • অনলাইন সংস্করণ

আইসিটি বিভাগের উদ্যোগে বাংলা ভাষাভিত্তিক এআই প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ ও ফন্ট ‘জুলাই’ চালু

আইসিটি বিভাগের উদ্যোগে বাংলা ভাষাভিত্তিক এআই প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ ও ফন্ট ‘জুলাই’ চালু

সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ বাংলা ভাষার ডিজিটাল উৎকর্ষ সাধনে দুটি গুরুত্বপূর্ণ টুলস চালু করেছে—নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’। আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের একটি প্রকল্পের (গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ) অধীনে এগুলো তৈরি করা হয়েছে। যে কেউ নিবন্ধন করে এই প্ল্যাটফর্ম ও ফন্ট ব্যবহার করতে পারবেন।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে জুলাই ফন্ট এবং কাগজ ডট এআই প্ল্যাটফর্মের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব ভাষার উন্মুক্ততা নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দেন। তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে কাগজ টুলসের নানা সুবিধা ব্যবহার করা যাবে, যা সাইবার দুনিয়াতে বাংলাকে আরও ছড়িয়ে দিতে সহায়ক হবে।” তিনি আরও উল্লেখ করেন, জুলাই ফন্ট কম্পিউটারনির্ভর বাংলা লেখায় বিদ্যমান সীমাবদ্ধতা দূর করবে, বিশেষ করে অনলাইনে বাংলা লিখতে যুক্তাক্ষরকেন্দ্রিক যে ত্রুটি দেখা যায়, এই নতুন ফন্টে তা অনুপস্থিত। বাংলা ভাষাকে সকলের জন্য উন্মুক্ত করতে এই প্ল্যাটফর্মের এপিআই এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করে সোর্স কোডও উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে কাগজ ডট এআই-এর সুবিধাগুলো জানানো হয়। প্ল্যাটফর্মটিতে বাংলায় ভয়েস টাইপিং, অডিও ট্রান্সক্রিপশন, ওসিআর (অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন) সেবা এবং এআই-ভিত্তিক বানান যাচাইয়ের সুবিধা রয়েছে। ওসিআর সেবাটি বাংলা ছাড়াও ইংরেজি ও আরবি ভাষাতেও ব্যবহার করা যাবে। জানানো হয়, গত দুই সপ্তাহে চার হাজার ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করেছেন এবং ভালো ফলাফল পাওয়া গেছে। কাগজ ডট এআই মূলত বাংলা ভাষাভিত্তিক দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ এবং কনটেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করবে।

ব্যবহারকারীরা কাগজ ডট এআই ব্যবহারের জন্য নাম নিবন্ধন করলেই ১০০০ ক্রেডিট পাবেন। এই ক্রেডিট শেষ হয়ে গেলে ই-মেইল পাঠিয়ে বিনামূল্যে নতুন ক্রেডিট পাওয়ার সুযোগ রয়েছে। আইসিটি বিভাগ জানিয়েছে, এই নতুন ফন্ট ও এআই প্ল্যাটফর্মের পাশাপাশি তারা দ্রুতই দেশের প্রতিটি জাতিগোষ্ঠীর ভাষার তথ্য সংগ্রহ করে একটি বাংলা এলএলএম (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল) তৈরি করবে। অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমও উপস্থিত ছিলেন।