ঢাকা অফিস • প্রকাশিত: ২০ অক্টোবার ২০২৫, ০৮:১৬ পিএম • অনলাইন সংস্করণ

অগ্নিকাণ্ড ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক নিরাপত্তা জোরদারের নির্দেশ মাউশির

অগ্নিকাণ্ড ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক নিরাপত্তা জোরদারের নির্দেশ মাউশির

দেশজুড়ে একের পর এক অগ্নিকাণ্ডের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৈদ্যুতিক নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাঠ পর্যায়ের অফিসে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ত্যাগের আগে সব ধরনের বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) জারি করা মাউশির এক নোটিশে বলা হয়, প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীকে রুম ছাড়ার আগে ফ্যান, লাইট, কম্পিউটার ও এসির প্লাগ খুলে রাখতে হবে। এতে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমবে এবং বিদ্যুৎ অপচয়ও রোধ হবে।

মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এই নির্দেশনা দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা শিক্ষা অফিস, এবং আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়, অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নি দুর্ঘটনা এড়াতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগের সময় নিজ নিজ রুমের বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান, কম্পিউটার বন্ধ করা ও এসির প্লাগ খুলে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। সবাইকে সতর্কতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি একের পর এক অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গত ১৪ অক্টোবর রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হন। এরপর ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি তোয়ালে কারখানায় আগুন লাগে, যা প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। সর্বশেষ ১৮ অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন ২৭ ঘণ্টা পর সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়।