বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "আমি ভালো আর সব খারাপ"—এই ধরনের প্রচারণাকে ১৬ বছর ধরে আওয়ামী লীগ আমলে চলতে দেখা গেছে এবং দুঃখজনকভাবে ৫ আগস্টের পরেও এই মানসিকতার পরিবর্তন হয়নি।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয়ের মাস উপলক্ষে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ছাত্রদলের সারা দেশের ৭৫টি ইউনিটের এক হাজারের বেশি নেতা অংশ নেন।
তারেক রহমান কারও নাম উল্লেখ না করে, জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, "আমি ভালো আর সব খারাপ। এ রকম একটি বিষয় আমরা দেখেছি ১৬ বছর ধরে। দুঃখজনকভাবে হলেও ৫ তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধ হয় পরিবর্তন হয়নি। এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়। এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি।"
তিনি গণতন্ত্রের মূল ভিত্তি তুলে ধরে বলেন, "বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দেবে। মতামত দেওয়ার অধিকার তার আছে। বক্তব্য রাখার অধিকার তার আছে। কিন্তু অবশ্যই একজন ভালো আর বাকি সবাই খারাপ, এটি কোনোভাবেই কাম্য হতে পারে না।"
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করেন, এই ধারণার পরিবর্তন হতে হবে। তিনি সতর্ক করে দেন যে, "একজন বিশেষ কেউ ভালো, বাকি সবাই খারাপ—এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক (ডেঞ্জারাস) একটা ব্যাপার।"