খেলাধুলা ডেস্ক • প্রকাশিত: ১৯ নভেম্বার ২০২৫, ০১:৪২ এ এম • অনলাইন সংস্করণ

২৮ বছরের অপেক্ষার শেষ, ইতালিকে উড়িয়ে বিশ্বকাপে নরওয়ে

২৮ বছরের অপেক্ষার শেষ, ইতালিকে উড়িয়ে বিশ্বকাপে নরওয়ে

প্রায় অসম্ভব সমীকরণও শেষ পর্যন্ত তাদের থামাতে পারেনি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হতাশ করে দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের মূলপর্বে নাম লেখাল নরওয়ে। ইউরোপীয় বাছাইয়ের শেষ রাউন্ডে নিজেদের মাঠে আজ্জুরিদের ৪–১ গোলে হারিয়ে আই গ্রুপের শীর্ষে জায়গা নিশ্চিত করেছে তারা।

ইতালির সামনে ছিল কঠিন কাজ—সরাসরি বিশ্বকাপে যেতে হলে জিততে হতো নয় গোলের ব্যবধানে। শুরুতে পিও এসপোসিতোর করা গোল সেই স্বপ্নকে কিছুটা জাগিয়ে তোলে। কিন্তু দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে দেন নরওয়ের তরুণরা। ৬৩তম মিনিটে অ্যান্টোনিও নুসার সমতা, এরপর হঠাৎ বিস্ফোরণের মতো দুই মিনিটে আর্লিং হালান্ডের জোড়া গোল (৭৮ ও ৭৯তম মিনিটে) ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ সময়ে ইয়র্গেন স্ট্র্যান্ড লারসেনের গোল জয় নিশ্চিত করে নরওয়ের।

আট ম্যাচের সবগুলো জিতে পূর্ণ ২৪ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। তাদের করা গোল ৩৭টি—অসাধারণ ধারাবাহিকতা দেখিয়ে। অন্যদিকে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হওয়া ইতালিকে নামতে হবে প্লে-অফে, যেখানে গত দুই আসরেই ব্যর্থ হয়েছে তারা। ২০১৮ সালের সুইডেন বিপক্ষে হারের পর ২০২২ সালে উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে বিশ্বকাপ–বঞ্চনার তিক্ত স্মৃতি এখনো টাটকা।

হালান্ড এবারও নরওয়ের গোলমেশিন। বাছাইপর্বের প্রতিটি ম্যাচে গোল করে তার সংগ্রহ ১৬—যা ইউরোপীয় বাছাইয়ের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে লেভানডোভস্কির পাশে জায়গা করে দিয়েছে তাকে।

১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে ফিরছে নরওয়ে। তিনবারের অংশগ্রহণকারী দেশটির সেরা সাফল্য ছিল ১৯৯৮ সালের শেষ ষোলো। এবারের পারফরম্যান্স দেখে সমর্থকদের স্বপ্ন আরও বড় হয়ে উঠতেই পারে।