চোটের কারণে আগের ম্যাচে মাঠে নামতে পারেননি শেখ মোরছালিন। কিন্তু ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ফিরেই যেন নিজের সবটুকু উজাড় করে দিলেন তিনি। ম্যাচের মাত্র ১১ মিনিটেই রাকিবের পাস ধরে দুর্দান্ত এক শটে জালের দেখা পান মোরছালিন। সেই একমাত্র গোলটাই শেষ পর্যন্ত পুরো ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
পুরো ৯০ মিনিট ধরে লিড ধরে রেখে অবশেষে ভারতকে ১–০ গোলে হারায় বাংলাদেশ। ফুটবলে দুই প্রতিবেশীর লড়াইয়ে ২২ বছর পর এটাই বাংলাদেশের প্রথম জয়। এর আগে ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে একই ভেন্যুতে ভারতকে ২–১ গোলে হারিয়েছিল লাল–সবুজের দল।
২০২৭ এশিয়ান কাপ বাছাইয়ের পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের মুখ দেখল বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গনেও এটি পাঁচ ম্যাচ পর বাংলাদেশের জয়। এর আগে গত জুনে প্রীতি ম্যাচে ভুটানকে ২–০ গোলে হারিয়েছিল দল। মাঠে ফিরে মোরসালিনের উজ্জ্বল পারফরম্যান্স এবং গোটা দলের দৃঢ়তায় আবারও জয়ের স্বাদ পেল বাংলাদেশ ফুটবল।