ব্যবহারকারীদের এখন থেকে বিকল্প ব্যবস্থার কথা ভাবতে হবে, কারণ ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে মেটার জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে আর কাজ করবে না ওপেনএআই-এর এআই চ্যাটবট চ্যাটজিপিটি।
ওপেনএআই জানিয়েছে, হোয়াটসঅ্যাপের নীতি ও ব্যবহারের শর্তে পরিবর্তন আসার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এক ব্লগ পোস্টে ওপেনএআই জানায়, “আমরা হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি চালু রাখতেই চেয়েছিলাম। তবে এখন আমাদের লক্ষ্য হচ্ছে এমনভাবে পরিবর্তন আনা যাতে ব্যবহারকারীদের জন্য নতুন ব্যবস্থায় যাওয়া বা অন্যভাবে চ্যাটজিপিটি ব্যবহার সহজ হয়।”
প্রযুক্তি সাইট এনগ্যাজেট জানিয়েছে, এই সিদ্ধান্তকে মেটা ও ওপেনএআই-এর মধ্যে এক ধরনের ‘প্রভাবের লড়াই’ হিসেবে দেখা হচ্ছে, কারণ হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা নিজেও এখন একটি এআই কোম্পানি।
হোয়াটসঅ্যাপে ‘চ্যাট এক্সপোর্ট’ সুবিধা না থাকায় ১৫ জানুয়ারির পর ব্যবহারকারীদের পুরোনো আলাপ স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করা যাবে না। তবে এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীরা নতুন এক পদ্ধতিতে সহজেই তাদের চ্যাট হিস্ট্রি স্থানান্তর করতে পারবেন।
হোয়াটসঅ্যাপে ‘১-৮০০-চ্যাটজিপিটি’ কনট্যাক্ট প্রোফাইলে গেলে সেখানে ‘লিংক ইওর চ্যাটজিপিটি অ্যাকাউন্ট’ নামে একটি অপশন থাকবে। এই অপশনটি বেছে নিলে ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপের সব প্রশ্ন ও আলাপ সরাসরি তাদের চ্যাটজিপিটি অ্যাকাউন্টের ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ফলে ব্যবহারকারীরা চ্যাটজিপিটি অ্যাপ বা ওয়েব সংস্করণে গিয়ে সেই কথোপকথন আবার দেখতে পারবেন, যাতে কিছুই হারিয়ে না যায়।
এছাড়া ব্যবহারকারীরা চাইলে অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, ম্যাকওএস ও ওয়েবে চ্যাটজিপিটি ব্যবহার অব্যাহত রাখতে পারবেন।
সূত্র: এনগ্যাজেট