এখন সময় ডেস্ক • প্রকাশিত: ৩১ অক্টোবার ২০২৫, ০৩:৩৬ এ এম • অনলাইন সংস্করণ

২০২৪ সালে প্রাইভেট কনসালটিং থেকে প্রায় ৫ মিলিয়ন ডলার আয় করেন অ্যান্ড্রু ক্যুমো

২০২৪ সালে প্রাইভেট কনসালটিং থেকে প্রায় ৫ মিলিয়ন ডলার আয় করেন অ্যান্ড্রু ক্যুমো

নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমো ২০২৪ সালে প্রাইভেট কনসালটিং থেকে প্রায় ৫০ লাখ ডলার আয় করেছেন—যা তাকে নিউইয়র্ক সিটির আয়ের শীর্ষ ০.৫ শতাংশ মানুষের মধ্যে স্থান দিয়েছে। মঙ্গলবার প্রকাশিত তাঁর বার্ষিক কর-ফেরত (ট্যাক্স রিটার্ন) নথি পর্যালোচনা করে নিউইয়র্ক টাইমস এ তথ্য জানায়।


প্রকাশিত কর নথি অনুযায়ী, ক্যুমো ২০২৪ সালে মোট ৪,৭১২,৯৭৮ ডলার আয় করেন, যার প্রায় সবটিই আসে ‘ইনোভেশন স্ট্র্যাটেজিস’ নামের একটি কোম্পানি থেকে। এই প্রতিষ্ঠানটি তিনি মেয়র পদে প্রার্থী হওয়ার আগে নিজের পরামর্শক কার্যক্রম পরিচালনার জন্য গঠন করেছিলেন। কোম্পানির মাধ্যমে কাজ করায় তিনি তাঁর ক্লায়েন্টদের নাম প্রকাশ করা থেকে অব্যাহতি পান। যদিও তাঁর প্রচারদল জানিয়েছে, চলতি বছরের শুরুতেই তিনি কনসালটিং কাজ বন্ধ করেছেন, তবে কারা তাঁকে অর্থ প্রদান করেছিল তা প্রকাশ করা হয়নি।


এই ব্যবস্থা আইনের মধ্যে থাকলেও, বিশ্লেষকরা বলছেন এটি ভোটার ও পর্যবেক্ষকদের জন্য ক্যুমোর আর্থিক সম্পর্ক ও ব্যবসায়িক প্রভাব বোঝা প্রায় অসম্ভব করে তোলে—বিশেষ করে যদি তিনি নির্বাচিত হয়ে শহরের কোটি কোটি ডলারের সরকারি চুক্তি, রিয়েল এস্টেট প্রকল্প ও নীতিনির্ধারণে প্রভাব ফেলেন।


৬৭ বছর বয়সী সাবেক গভর্নর ক্যুমো জুন মাসে ডেমোক্রেটিক প্রাইমারিতে পরাজিত হয়ে স্বাধীন প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। তিনি ছিলেন গত বছরের সর্বাধিক আয়কারী মেয়র প্রার্থী—অন্যদের তুলনায় দশ গুণেরও বেশি।


অন্য প্রার্থীদের আয় তুলনামূলকভাবে অনেক কম ছিল। ডেমোক্রেটিক মনোনীত প্রার্থী জোহরান মামদানী রাজ্য অ্যাসেম্বলির সদস্য হিসেবে ১,৩১,৩৯৮ ডলার বেতন এবং পূর্বের সংগীত জীবনের রয়্যালটি বাবদ আরও ১,২৬৭ ডলার আয় করেন। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া জানান, তিনি ২০২৪ সালে রেডিও স্টেশন ডব্লিউএবিসি থেকে ৪,২৩,০০০ ডলার আয় করেছেন, যেখানে তিনি একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন।


প্রার্থীরা শহরের কাছে তাদের আয়ের প্রাথমিক তথ্য প্রকাশ করলেও, পূর্ণ কর নথি প্রকাশের ফলে তাদের আর্থিক অবস্থা আরও স্পষ্ট হয়ে ওঠে। যেমন, শহরের প্রকাশিত আর্থিক ফরমে ক্যুমো শুধু উল্লেখ করেছিলেন যে তিনি “৫ লাখ ডলার বা তার বেশি” আয় করেছেন, অথচ তাঁর ফেডারেল কর রিটার্নে দেখা গেছে মোট সমন্বিত আয় ৪,৯১০,৫৯৯ ডলার। এর মধ্যে ছিল পরামর্শ ফি, প্রায় ৫০ হাজার ডলারের রাজ্য পেনশন, এবং প্রায় ২ লাখ ৩০ হাজার ডলারের সুদ ও মূলধন লাভ।


ক্যুমোর মুখপাত্র রিচ অ্যাজোপার্ডি বলেন, “সরকারের সর্বোচ্চ পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতা থাকা ব্যক্তির জন্য এমন আয় কোনো বিস্ময় নয়। বরং তিনি সেই সুবিধাজনক কাজ ছেড়ে জনসেবায় ফিরেছেন—এটাই তাঁকে আলাদা করে তোলে।”


তবে বিশাল এই আয় তাঁর জন্য একটি রাজনৈতিক দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়াতে পারে, কারণ তিনি নিজেকে কর্মজীবী শ্রেণির প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চাইছেন। অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী মামদানী একজন পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতার সন্তান।


ক্যুমো তাঁর কর নথিতে উল্লেখ করেছেন যে তিনি পুরো ২০২৪ সাল নিউইয়র্ক সিটির বাসিন্দা ছিলেন। তিনি প্রায় ২৪ লাখ ৩০ হাজার ডলার ফেডারেল, রাজ্য ও স্থানীয় কর হিসেবে পরিশোধ করেছেন এবং ৭৫ হাজার ডলার দান করেছেন বিভিন্ন অনির্দিষ্ট চ্যারিটিতে।


অন্যদিকে, মামদানী প্রায় ৩৪ হাজার ডলার কর দিয়েছেন এবং বিবাহিত না থাকায় একক ট্যাক্স রিটার্ন দাখিল করেছেন। স্লিওয়া ও তাঁর স্ত্রী মিলে মোট ১ লাখ ২৫ হাজার ডলার কর দিয়েছেন।


নথিতে দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে ক্যুমোর আর্থিক অবস্থার নাটকীয় উন্নতি ঘটেছে। যদিও তিনি কোভিড-১৯ মহামারি মোকাবেলায় নেতৃত্বের উপর লেখা বইয়ের জন্য ৫.১ মিলিয়ন ডলার অগ্রিম পেয়েছিলেন, তবে গভর্নর ও অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রায় দুই দশক তিনি তুলনামূলকভাবে কম বেতনে কাজ করেছেন।


২০২১ সালের আগস্টে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগের এক বছরের মধ্যে তিনি ইনোভেশন স্ট্র্যাটেজিস নামের কনসালটিং প্রতিষ্ঠান গঠন করেন এবং মাসে ৪০ হাজার ডলারের বেশি আয়বাবদ একটি পডকাস্ট চুক্তি করেন। যদিও অনুষ্ঠানটি মাত্র এক বছর স্থায়ী হয়, তাঁর পরামর্শক কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হয়। তবে তাঁর ক্লায়েন্টদের নাম প্রকাশ না করায় কাজের প্রকৃতি সুনির্দিষ্টভাবে জানা যায়নি।


জানা গেছে, ২০২৪ সালে অফশোর ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ওকেএক্স তাঁকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল, যখন প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে পরিচালনার অভিযোগে এফবিআই ও ফেডারেল প্রসিকিউটরদের তদন্তের মুখে পড়ে। ব্লুমবার্গের তথ্যমতে, ক্যুমো প্রতিষ্ঠানটিকে তদন্ত মোকাবিলায় পরামর্শ দেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে কোম্পানিটি অর্থপাচারবিরোধী আইনের লঙ্ঘনের দায় স্বীকার করে। কত অর্থে ক্যুমো কাজ করেছিলেন তা প্রকাশ করা হয়নি।


এছাড়া ২০২৪ সালে তিনি ন্যানো নিউক্লিয়ার এনার্জি নামের আরেক কোম্পানির সঙ্গে পরামর্শক চুক্তি করেন এবং তাদের উপদেষ্টা বোর্ডে যোগ দেন। কোম্পানির নথি অনুযায়ী, বোর্ড একবারই বৈঠক করে—ম্যানহাটনের এক হোটেলে—যেখানে ক্যুমো সংক্ষিপ্ত বক্তব্য দেন। নির্বাচনে প্রার্থী হওয়ার আগে তিনি বোর্ড থেকে পদত্যাগ করেন। এই চুক্তিও ছিল বেশ লাভজনক; কোম্পানিটি শেয়ারবাজারে আসার আগেই ক্যুমোকে শেয়ার অপশন দেয়, যার বর্তমান বাজারমূল্য ৫০ লাখ ডলারের বেশি।


ক্যুমো আরও একটি বিলাসবহুল মেরিনা প্রকল্পে বিনিয়োগের চেষ্টা করেছিলেন পুয়ের্তো রিকোতে, রিয়েল এস্টেট ব্যবসায়ী অ্যান্ড্রু এল. ফারকাসের সঙ্গে। তবে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি, এবং ক্যুমো জানিয়েছেন তিনি কোনো অর্থ পাননি।


তাঁর মুখপাত্র অ্যাজোপার্ডি বলেন, ক্যুমো ব্যক্তিগত ক্লায়েন্টদের বিষয়ে মন্তব্য করবেন না, তবে কেউই শহর বা রাজ্যের কোনো সংস্থার সঙ্গে যুক্ত ছিল না। তিনি আরও বলেন, “যদি নির্বাচিত হন, ক্যুমোর একমাত্র দায়িত্ব হবে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে কাজ করা এবং সম্ভাব্য স্বার্থসংঘাত এড়াতে কনফ্লিক্টস অব ইন্টারেস্ট বোর্ডের সঙ্গে সমন্বয় করা।”


নিউইয়র্ক সিটির নৈতিকতা বোর্ডের সাবেক চেয়ারম্যান রিচার্ড ব্রিফল্ট বলেন, “নৈতিকতার ক্ষেত্রে ‘আমাকে বিশ্বাস করুন’ কোনো সঠিক উত্তর নয়। পুরো ব্যবস্থার উদ্দেশ্যই হলো বাইরে থেকে স্বাধীনভাবে বিষয়গুলো পর্যালোচনা করা।”