এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আবারও জয় হাতছাড়া করল বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। ম্যাচের শেষ মুহূর্তে অনন্ত তামাংয়ের গোলে সমতায় ফেরে নেপাল, ফলে জয় পাওয়া হলো না লাল-সবুজের প্রতিনিধিদের।
শুরু থেকেই ছন্দহীন ফুটবল খেলেছে দুই দল। ম্যাচের চতুর্থ মিনিটে কর্নার পায় বাংলাদেশ, তবে অধিনায়ক জামাল ভূঁইয়ার কর্নার থেকে কোনো সুযোগ তৈরি হয়নি। এরপর ২০ মিনিটে আরেকটি কর্নার পেলেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বিপরীতে পাল্টা আক্রমণে এগিয়ে যায় নেপাল।
২৯তম মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে এগিয়ে যায় অতিথিরা। কাট ব্যাক থেকে পাওয়া বলে নিচু শটে গোল করেন নেপালের অভিজ্ঞ মিডফিল্ডার রোহিত চাঁদ। ৪৪ মিনিটে সমতায় ফেরার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে—ফাহিমের হেড সরাসরি গোলরক্ষকের হাতে চলে যায়। ফলে বিরতিতে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৪৬তম মিনিটে ডি-বক্সে ভেতরে অসাধারণ এক বাইসাইকেল কিকে গোল করেন হামজা চৌধুরী, যা মুহূর্তেই বদলে দেয় ম্যাচের গতি। এরপর রাকিব হাসানকে ফাউল করায় পেনাল্টি পায় বাংলাদেশ। স্পট কিক থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান হামজা, নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন তিনি এবং দলকে এগিয়ে নেন ২-১ গোলে।
কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। যোগ করা সময়ে কর্নার থেকে আসা বলে পা ছুঁইয়ে গোল করেন নেপালের অনন্ত তামাং। শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় ম্যাচ, আর হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় কাবরেরার দলকে।
আগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে হারের পর এই ড্রও লাল-সবুজ শিবিরে নতুন করে হতাশা যোগ করেছে। তবুও হামজার জোড়া গোল বাংলাদেশের জন্য রেখে গেছে ভবিষ্যতের আশার আলো।