ঢাকা অফিস • প্রকাশিত: ২৫ ডিসেম্বার ২০২৫, ০৫:৩৩ এ এম • অনলাইন সংস্করণ

স্বেচ্ছায় নিজ দেশে ফিরলে প্রত্যেককে ৩ হাজার ডলার করে দেবে ট্রাম্প প্রশাসন

স্বেচ্ছায় নিজ দেশে ফিরলে প্রত্যেককে ৩ হাজার ডলার করে দেবে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য বড় অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চলতি বছরের শেষ নাগাদ যারা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেবেন, তাদের প্রত্যেককে ৩ হাজার ডলার করে বিশেষ সহায়তা দেওয়া হবে। গত সোমবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এই নতুন সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।

এর আগে এই সহায়তার পরিমাণ তুলনামূলক কম থাকলেও বর্তমান প্রশাসন তা তিন গুণ বাড়িয়ে ৩ হাজার ডলার নির্ধারণ করেছে। ডিএইচএস জানিয়েছে, নগদ অর্থ সহায়তার পাশাপাশি অভিবাসীদের নিজ দেশে ফেরার জন্য বিনা মূল্যে বিমান টিকিটও প্রদান করা হবে। এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম। তিনি এক বিবৃতিতে বলেন, অবৈধ অভিবাসীদের উচিত এই সুযোগ গ্রহণ করে স্বেচ্ছায় দেশত্যাগ করা। তারা যদি এটি না করেন, তবে তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে এবং সেক্ষেত্রে তারা আর কখনোই যুক্তরাষ্ট্রে ফেরার সুযোগ পাবেন না।

প্রশাসনের হিসাব অনুযায়ী, একজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার, আটক রাখা এবং জোরপূর্বক বহিষ্কার করতে সরকারের গড়ে প্রায় ১৭ হাজার ডলার ব্যয় হয়। সেই তুলনায় ৩ হাজার ডলার দিয়ে স্বেচ্ছায় ফেরত পাঠানো সরকারের জন্য অনেক বেশি সাশ্রয়ী। এই প্রক্রিয়া সহজ করতে সিবিপি হোম নামে একটি অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে অভিবাসীরা সহজেই আবেদন করতে পারবেন। মজার বিষয় হলো, জো বাইডেনের আমলে এই অ্যাপটি সিবিপি ওয়ান নামে পরিচিত ছিল এবং তখন এটি মূলত যুক্তরাষ্ট্রে আইনি প্রবেশের কাজে ব্যবহৃত হতো।

ডোনাল্ড ট্রাম্প প্রতি বছর ১০ লাখ অভিবাসীকে প্রত্যাবাসন করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন। চলতি বছর এখন পর্যন্ত তার প্রশাসন প্রায় ৬ লাখ ২২ হাজার অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। ২০২৬ সাল থেকে এই অভিযান আরও জোরালো করার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে বিপুল সংখ্যক নতুন এজেন্ট নিয়োগ, নতুন আটক কেন্দ্র নির্মাণ এবং অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিচ্ছে মার্কিন সরকার।