এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৪ নভেম্বার ২০২৫, ০৫:৪৯ এ এম • অনলাইন সংস্করণ

সৌদিতে অ-মুসলিম প্রবাসীদের জন্য মদ কেনায় নতুন শিথিলতা

সৌদিতে অ-মুসলিম প্রবাসীদের জন্য মদ কেনায় নতুন শিথিলতা

সৌদি আরব অ-মুসলিমদের জন্য মদ কেনায় আরও শিথিলতা এনেছে বলে জানা গেছে। বিশেষ ধরনের প্রিমিয়াম রেসিডেন্সি ভিসাধারীরা এখন থেকে রিয়াদে অবস্থিত সেই দোকান থেকে মদ কিনতে পারছেন, যা আগের বিধান অনুযায়ী শুধু বিদেশি কূটনীতিকদের জন্য বরাদ্দ ছিল। এ বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না করলেও অনেকেই মুখে মুখে খবর পেয়ে দোকানে যাচ্ছেন। প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রাম বা তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সৌদি সরকার পর্যটনকে অর্থনীতির অন্যতম প্রধান খাতে রূপান্তর করতে চাইছে। বহুমুখী অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে মদ বিক্রি ও ভোগের আনুষ্ঠানিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ এই পরিবর্তনের বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে। দেশটি ২০৩০ সালের মধ্যে বছরে ১৫ কোটি পর্যটক আকর্ষণের লক্ষ্য নিয়ে হোটেল ও বিনোদন সেবায় বড় বিনিয়োগ করছে।তবে দেশটিতে এখনো মদ নিষিদ্ধ থাকায় কিছু পর্যটকের কাছে সেখানে ভ্রমণের আকর্ষণ তুলনামূলকভাবে কম।

রিয়াদের এই মদের দোকানটি গত বছর চালু হয় এবং আগে কেবল কূটনীতিকরা এখান থেকে সরবরাহ পেতেন। এর আগে কূটনৈতিক মালামালের মাধ্যমেই মদ ঢুকত। সৌদি আরব ২০১৯ সালে উচ্চ আয়ের বিদেশি কর্মী ও বিনিয়োগকারী আকর্ষণের জন্য প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রাম চালু করে। পরে যোগ্যতার সীমানা বাড়িয়ে বর্তমানে মাসে ৮০ হাজার রিয়াল আয়কারী বা নির্দিষ্ট পেশার কর্মীরা এই সুবিধা পাচ্ছেন।

সৌদিতে দীর্ঘদিন ধরে মদের প্রবেশাধিকার ছিল কড়াকড়ি। তবে ব্যক্তিগত বাসায় অনেক বিদেশি ও স্থানীয় অভিজাত পরিবার নিজেরা পানীয় তৈরি করে খেয়ে থাকেন, যতক্ষণ তা বাণিজ্যিকভাবে বা বড় আকারের পার্টিতে ছড়িয়ে না পড়ে। সাম্প্রতিক বছরগুলোতে শিথিলতার গুঞ্জন শোনা গেলেও সরকার ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে। রাজধানীর বহু হোটেল ও রেস্তোরাঁতে আগে থেকেই বার নির্মিত আছে, যেখানে আপাতত পরিবেশন করা হচ্ছে মকটেল ও অ্যালকোহল-মুক্ত বিয়ার।

এখন নির্দিষ্ট শর্তে অ-মুসলিম বিদেশিদের মদ কেনার সুযোগ দিয়ে সৌদি সরকার বিদেশি দক্ষ জনশক্তিকে আরও আকৃষ্ট করতে চাইছে, আবার একই সঙ্গে দেশের ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতাও নিয়ন্ত্রণে রাখছে। গত বছর দেশটির প্রথম সরকারি মদের দোকান খোলার সময় কর্তৃপক্ষ জানায়, এর লক্ষ্য অবৈধ মদ বাণিজ্য রোধ করা।