সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী আয়ারল্যান্ড।
এই ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের। জাতীয় দলের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম তার হাতে টেস্ট ক্যাপ তুলে দেন। হাসান এর আগে জাতীয় দলে কেবল টি–টোয়েন্টি খেলেছেন, তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরমার। ৩৯ ম্যাচে ১৬৫ উইকেট নেওয়া এই তরুণ ছিলেন ২০২০ সালের যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য।
দীর্ঘ পাঁচ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। গত জুনে কলম্বো টেস্টে নেতৃত্ব ছাড়ার পর নাজমুল হোসেন শান্ত আবারও অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন। সকালে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ও হালকা শীতের মধ্যে দুই দল ওয়ার্মআপ শেষ করে নির্ধারিত সময়ে খেলা শুরু করে।
বাংলাদেশ দলে আজ দুই পেসার ও তিন স্পিনারকে রাখা হয়েছে। সিলেটের উইকেটের বৈশিষ্ট্য বিবেচনায় দলটি আগের মতোই স্পিননির্ভর। এই দুই দলের মধ্যে এটি দ্বিতীয় টেস্ট সিরিজ; আগের সিরিজে বাংলাদেশ ১–০ ব্যবধানে জিতেছিল।
অন্যদিকে, ম্যাচটি বিশেষ হয়ে উঠেছে আরও একটি কারণে—এই টেস্ট দিয়েই গণিত শিক্ষক স্যাম নাগাইস্কির টেস্ট আম্পায়ার হিসেবে অভিষেক হয়েছে।
বাংলাদেশ একাদশ:
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
আয়ারল্যান্ড একাদশ:
অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার (উইকেটরক্ষক), জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রেস ও ক্রেগ ইয়ং।