সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’র মাসিক সাহিত্য আসর গত শুক্রবার (২৮ জুন) জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। পুরো আসর সঞ্চালনায় ছিলেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন। এবারের আসর দু’টি পর্বে অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বে সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাসকে সাহিত্য একাডেমির প¶ হতে সম্বর্ধনা দেয়া হয়। দ্বিতীয় পর্বে ছিল একাডেমির নিয়মিত আয়োজন, স্বরচিত পাঠ, সাহিত্য আলোচনা, পাঠের জন্য বই বিতরণ ও বই আলোচনা।
মুত্তালিব বিশ্বাসকে নিবেদন করে রবীন্দ্রনাথের ‘স্মরণ’ কবিতাটি আবৃত্তিকার পারভীন সুলতানার আবৃত্তির মধ্য দিয়ে আসরের সূচনা হয়। মুত্তালিব বিশ্বাসের পরিচিতি পাঠ করেন, কবি বেনজির শিকদার। তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, রাহাত কাজী শিউলি এবং তাঁকে উত্তরীয় পরিয়ে দেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও সাংবাদিক-লেখক মনজুর আহমদ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন লেখক হাসান ফেরদৌস, সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, লেখক আহমাদ মাজহার, কবি কাজী আতীক, লেখক নীরা কাদরী, লেখক এবিএম সালেহ উদ্দিন ও কবি সুমন শামসুদ্দিন।
এবারের আসরে আবৃত্তি করেন মুমু আনসারী এবং স্বরচিত পাঠে ছিলেন হুসাইন কবীর, কাউসার রোজী ও মণিকা চক্রবর্তী। সকলের প্রতি কৃতজ্ঞতা সহ আগামী আসরের আমন্ত্রণ জানিয়ে আসরের সমাপ্তি টানেন মোশাররফ হোসেন।