মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল আবারও বিতর্কের মুখে পড়েছেন। অভিযোগ উঠেছে, তিনি সম্প্রতি সরকারি বিমানে চেপে ব্যক্তিগত সফরে তার বান্ধবীর কুস্তি প্রতিযোগিতা দেখতে গিয়েছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট–এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিচার বিভাগের (ডিপার্টমেন্ট অব জাস্টিস) নিবন্ধিত একটি সরকারি জেট গত ২৫ অক্টোবর ভার্জিনিয়ার মানাসাস আঞ্চলিক বিমানবন্দর থেকে উড়ে যায় পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির কাছে স্টেট কলেজ আঞ্চলিক বিমানবন্দরে। প্রায় আড়াই ঘণ্টা পর একই বিমান টেনেসির ন্যাশভিলে অবতরণ করে—যেখানে প্যাটেলের বান্ধবী ও গায়িকা অ্যালেক্সিস উইলকিনস বাস করেন। তবে বিমানের যাত্রী তালিকা প্রকাশ করা হয়নি।
ওই দিন ৪৫ বছর বয়সী কাশ প্যাটেল তার ২৬ বছর বয়সী সঙ্গী অ্যালেক্সিস উইলকিনসের সঙ্গে ‘রিয়েল আমেরিকান ফ্রিস্টাইল’ নামের এক কুস্তি ইভেন্টে অংশ নেন। উইলকিনস সেখানে গান পরিবেশন করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের একসঙ্গে তোলা কিছু ছবি শেয়ার করেন।
গত কয়েক মাস ধরে প্যাটেলের বিরুদ্ধে সরকারি বিমানের ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ নিয়ে কংগ্রেসের সদস্যদের সমালোচনা চলছে। এফবিআই প্রধান হিসেবে প্যাটেল অফিসিয়াল ও ব্যক্তিগত—সব সফরেই সরকারি বিমান ব্যবহার করতে বাধ্য, কারণ তাকে সর্বক্ষণ নিরাপদ যোগাযোগ ব্যবস্থার আওতায় থাকতে হয়। তবে ব্যক্তিগত সফরের ক্ষেত্রে তাকে সরকারি ব্যয় ফেরত দিতে হয়, যা বাণিজ্যিক বিমানের টিকিটমূল্যের সমান।
তবে সাম্প্রতিক সময়ে প্যাটেলের ঘন ঘন ন্যাশভিল সফর ও বিভিন্ন ক্রীড়া আসরে উপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে—যার অনেকগুলোর সঙ্গেই এফবিআইয়ের সরকারি দায়িত্বের সরাসরি সম্পর্ক নেই বলে অভিযোগ করা হচ্ছে।
চলতি বছরের শুরুতে কংগ্রেসের এক শুনানিতে নিজের ভ্রমণ নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে প্যাটেল বলেন, “কংগ্রেসই বাধ্যতামূলক করেছে যে আমি সরকারি বিমানেই ভ্রমণ করব, এমনকি ব্যক্তিগত সফরেও।”
তবে পেনসিলভানিয়া সফরের সময় প্যাটেল কোনো সরকারি কার্যক্রমে অংশ নিয়েছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়। বিভিন্ন সূত্র জানিয়েছে, ওই সফরে তার কোনো বৈঠক বা এফবিআই সংক্রান্ত কাজের সূচি নির্ধারিত ছিল না। ইভেন্টটি ছিল প্রয়াত কুস্তিগীর হাল্ক হোগানের সহ-প্রতিষ্ঠিত এক বিনোদনমূলক কুস্তি প্রতিযোগিতা।
এর আগেও দ্য নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছিল, প্যাটেল ন্যাশভিলে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে একাধিকবার সরকারি সফরের সঙ্গে ব্যক্তিগত সফর মিলিয়ে নিয়েছিলেন।