এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৩ অক্টোবার ২০২৫, ০৩:০০ এ এম • অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কায় নিজের কার্যালয়ে গুলি করে বিরোধীদলীয় নেতাকে হত্যা

শ্রীলঙ্কায় নিজের কার্যালয়ে গুলি করে বিরোধীদলীয় নেতাকে হত্যা

শ্রীলঙ্কার উপকূলীয় শহর ওয়েলিগামায় নিজের কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়েছে বিরোধীদলীয় নেতা লাসান্তা বিক্রমাসেকেরা (৩৮)-কে। তিনি ওয়েলিগামা নগর পরিষদের চেয়ারম্যান এবং বিরোধী দল সামাগি জানা বালাভেগায়া (এসজেবি)-এর সদস্য ছিলেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, বুধবার (২২ অক্টোবর) বিক্রমাসেকেরা সাধারণ মানুষের সঙ্গে বৈঠক করছিলেন। ওই সময় এক বন্দুকধারী হঠাৎ প্রবেশ করে রিভলভার দিয়ে একাধিক গুলি চালায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। হামলায় অন্য কেউ আহত হননি।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং তাকে ধরতে অভিযান চলছে। তবে হত্যার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। সূত্র জানায়, ওয়েলিগামা পরিষদের নিয়ন্ত্রণ নিয়ে শাসক দলের সঙ্গে এসজেবি’র রাজনৈতিক উত্তেজনা চলছিল।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর শ্রীলঙ্কায় সহিংস অপরাধের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটিতে এ বছর ১০০টিরও বেশি বন্দুক হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন, যার বেশিরভাগই মাদক চক্র ও সংগঠিত অপরাধের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।