এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৮ অক্টোবার ২০২৫, ১২:৪০ এ এম • অনলাইন সংস্করণ

রোনালদোর ৯৫০ গোল পূর্ণ, ফেলিক্সের জয়ে শীর্ষে আল নাসর

রোনালদোর ৯৫০ গোল পূর্ণ, ফেলিক্সের জয়ে শীর্ষে আল নাসর

হাজার গোলের ঐতিহাসিক লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে শনিবার (২৫ অক্টোবর) রাতে আল হাজেমের বিপক্ষে ২–০ গোলে জয় পেয়েছে আল নাসর, যেখানে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রোনালদো ও জোয়াও ফেলিক্স।

প্রথমার্ধে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। কিংসে কোমান ও অ্যাঞ্জেলোর শট দুটিই ফিরিয়ে দেন আল হাজেমের গোলরক্ষক ব্রুনো ভারেলা। তবে ২৫তম মিনিটে আর পারেননি তিনি—আইমান ইয়াহিয়ার নিখুঁত ক্রসে হেড করে গোল করেন ফেলিক্স।

দ্বিতীয়ার্ধেও সুযোগ তৈরি করে যায় আল নাসর। গোলরক্ষক ভারেলার দুর্দান্ত সেভে রোনালদো একবার ব্যর্থ হলেও, ম্যাচের ৮৮তম মিনিটে ওয়েজলির ক্রসে তার শট বাউন্স খেয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ায়। এ গোলের মধ্য দিয়ে চলতি মৌসুমে লিগে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৬–এ, আর তিনি টানা চার ম্যাচে জালের দেখা পেলেন।

আইএফএফএইচএসের পরিসংখ্যান অনুযায়ী, এই গোলের মাধ্যমে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৫০–এ, যা ফুটবল ইতিহাসে অনন্য। এ তালিকায় ৮৯১ গোল নিয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আছেন দ্বিতীয় স্থানে।

অন্যদিকে, ফেলিক্সের পারফরম্যান্সও নজরকাড়া। মাত্র ৬ ম্যাচে তার গোলসংখ্যা এখন ৯, যা সৌদি প্রো লিগের ইতিহাসে প্রথম ছয় ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডের সঙ্গে সমান। ২০২৪ সালে একই কীর্তি গড়েছিলেন আল হিলালের আলেকসান্দার মিত্রোভিচ।

৬ ম্যাচে টানা ষষ্ঠ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আল নাসর। দলের ধারাবাহিক পারফরম্যান্সে সমর্থকদের আশা—এই মৌসুমে নতুন উচ্চতা স্পর্শ করবে রোনালদো–ফেলিক্সের জুটি।