দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সে ভারত ‘এ’ দলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’। ওয়েস্ট ইন্ড পার্ক স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত ম্যাচে ৪০ বল হাতে রেখে ৮ উইকেটে জয়ের দাপট দেখিয়েছেন পাকিস্তানের তরুণরা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমেই চাপে পড়ে ভারত ‘এ’ দল। শুরুটা ভালো হলেও বড় সংগ্রহের পথে ব্যর্থ হয় তারা। ওপেনার বৈভব সূর্যবংশী আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৮ বলে ৪৫ রান করেন। তিনে নেমে নমন ধীর ২০ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। কিন্তু বাকি ব্যাটাররা দাঁড়াতে না পারায় ১৯ ওভারে দলটির ইনিংস থামে মাত্র ১৩৬ রানে। পাকিস্তানের পেসার শহীদ আজিজ নেন ২৪ রানে ৩ উইকেট। সাদ মাসুদ ও মাজ সাদাকত ২টি করে উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং অস্থির করে দেন।
ম্যাচ শুরুর আগেই নজর কাড়ে টসের ঘটনা। পাকিস্তানের ইরফান নিয়াজি ও ভারতের জিতেশ শর্মা টসের সময় হাত মেলাননি। গত সেপ্টেম্বরে দুই দলের জাতীয় দলের মধ্যকার এশিয়া কাপেও দুই অধিনায়কের একই আচরণ দেখা গিয়েছিল। বয়সভিত্তিক দলগুলোর ম্যাচেও সেই বৈরীতা যেন বজায় থাকল।
১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাকিস্তান ‘এ’ দল। ওপেনার মাজ সাদাকত দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতের বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করে দেন। ৪৭ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংসে ছিল ৪ ছক্কা ও ৭টি চার। অন্যপ্রান্তে মোহাম্মদ ফাইক নিখুঁত সঙ্গ দেন ১৬ রানে। ফলে ১৩.২ ওভারের মধ্যেই সহজেই জয় তুলে নেয় পাকিস্তান।
জয়ে গ্রুপ পর্ব থেকেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান ‘এ’ দল। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ওপেনার মাজ সাদাকত।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ‘এ’: ১৯ ওভারে ১৩৬ অলআউট (সূর্যবংশী ৪৫, নমন ৩৫; আজিজ ৩/২৪, সাদ মাসুদ ২/৩১, সাদাকত ২/১২)
পাকিস্তান ‘এ’: ১৩.২ ওভারে ১৩৭/২ (সাদাকত ৭৯*, ফাইক ১৬*; সুয়ুশ ১/৩১, যশ ১/৩৫)
ফল: পাকিস্তান ‘এ’ ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মাজ সাদাকত