এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২০ নভেম্বার ২০২৫, ০৮:২৭ এ এম • অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র–সৌদি সম্পর্ক নতুন উচ্চতায়: পারমাণবিক জ্বালানি ও এফ–৩৫ যুদ্ধবিমান বিক্রি চুক্তি

যুক্তরাষ্ট্র–সৌদি সম্পর্ক নতুন উচ্চতায়: পারমাণবিক জ্বালানি ও এফ–৩৫ যুদ্ধবিমান বিক্রি চুক্তি

যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে মঙ্গলবার ১৮ নভেম্বর হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, দুই দেশ বেসামরিক পারমাণবিক জ্বালানিসংক্রান্ত একটি যৌথ ঘোষণায় অনুমোদন দিয়েছে, যার মাধ্যমে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের আইনি ভিত্তি তৈরি হবে। এই উদ্যোগের লক্ষ্য কয়েক দশক ধরে কঠোর অ-বিস্তার নীতিমালা বজায় রেখে শতকোটি ডলারের সহযোগিতা গড়ে তোলা।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির একটি বড় প্যাকেজ অনুমোদন করেছেন। এর মধ্যে ভবিষ্যতে সৌদি আরবে উন্নত মার্কিন এফ–৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে, যা দুই দেশের সামরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সামরিক সহায়তা, পারমাণবিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অর্থনৈতিক বিনিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। যুবরাজ জানান, যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ বর্তমানে ৬০ হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে ১ লাখ কোটি ডলারে উন্নীত করা হচ্ছে, যা দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গভীর করবে বলে তিনি আশা প্রকাশ করেন।