ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) যুক্তরাষ্ট্রে নিজেদের স্বার্থ উপস্থাপনের জন্য একটি লবিং ফার্ম নিয়োগ করেছে—এমন তথ্য প্রকাশের পর দেশটিতে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম প্রিজমের অনুসন্ধানে উঠে এসেছে, এই বছরের শুরুতে আরএসএস ওয়াশিংটন ডিসিতে লবিং কার্যক্রম শুরু করে এবং স্কয়ার প্যাটন বগস (এসপিবি) নামের প্রতিষ্ঠানের কাছে ২০২৫ সালের প্রথম তিন প্রান্তিকে ৩ লাখ ৩০ হাজার ডলার পরিশোধ করা হয়।
এসপিবি একই সময়ে পাকিস্তান সরকারের লবিংয়েও কাজ করেছে, যা ভারতে আরও তুমুল আলোচনার সৃষ্টি করেছে। দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিউ ইয়র্ক টাইমসও পাকিস্তানের বহু-মিলিয়ন ডলারের লবিংয়ে এসপিবির ভূমিকা নিয়ে প্রতিবেদন করেছে।
তবে আরএসএসের মুখপাত্র সুনীল আম্বেকর দাবি করেছেন, সংগঠনটি যুক্তরাষ্ট্রে কোনো ধরনের লবিংয়ে জড়িত নয় এবং তারা কেবল ভারতে কাজ করে। অন্যদিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ তুলেছেন যে আরএসএস আর্থিকভাবে অস্বচ্ছ, নিবন্ধিত নয় এবং বিদেশে লবিংয়ে অর্থ খরচ করে জাতীয় স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তাঁর অভিযোগ, এই ঘটনা আরএসএসের দীর্ঘদিনের "ছদ্ম-জাতীয়তাবাদী" চরিত্রেরই প্রমাণ।
এনডিটিভি জানিয়েছে, রমেশ আরও বলেছেন যে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সংবিধান রচনা—সব ক্ষেত্রেই আরএসএস বিভেদের অবস্থানে ছিল, আর এখন বিদেশি লবিংয়ে অর্থ ব্যয় তারই ধারাবাহিকতা।