এখন সময় ডেস্ক • প্রকাশিত: ১১ ডিসেম্বার ২০২৫, ০৪:৩৪ পিএম • অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে প্রবেশের নিয়মে কড়াকড়ি: পর্যটকদের সামাজিক মাধ্যমের ইতিহাস যাচাইয়ের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে প্রবেশের নিয়মে কড়াকড়ি: পর্যটকদের সামাজিক মাধ্যমের ইতিহাস যাচাইয়ের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিদেশি পর্যটকদের জন্য একটি নতুন ও কঠোর নিয়ম কার্যকরের প্রস্তাব করেছে দেশটির শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর (সিবিপি)। এই প্রস্তাব কার্যকর হলে ভিসা মওকুফ কর্মসূচিভুক্ত (ভিসা ওয়াবার প্রোগ্রাম) দেশগুলোর নাগরিকদের অচিরেই বিগত পাঁচ বছর পর্যন্ত তাদের সামাজিক মাধ্যমের ইতিহাস খতিয়ে দেখার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতে পারে।

মার্কিন কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন ডিপার্টমেন্ট বা সিবিপি মঙ্গলবার ফেডারেল রেজিস্টারে এই প্রস্তাব পেশ করেছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ থেকে আসা পর্যটকদের ক্ষেত্রে এই পরিবর্তন বিশেষভাবে প্রযোজ্য হবে। বর্তমানে এসব দেশের নাগরিকরা ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ইএসটিএ) এর মাধ্যমে ৯০ দিনের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি পান।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ফেডারেল রেজিস্টারে প্রকাশিত নথিতে সিবিপি উল্লেখ করেছে, ভবিষ্যতে ভ্রমণ অনুমোদনের আবেদনকারীদের কাছ থেকে ব্যাপক ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হতে পারে।

যেসব তথ্য চাওয়া হতে পারে:

সামাজিক মাধ্যমসংশ্লিষ্ট তথ্য (বিগত পাঁচ বছর পর্যন্ত)।

গত ১০ বছরে ব্যবহূত ইমেইল ঠিকানা।

বাবা-মা, জীবনসঙ্গী, ভাইবোন ও সন্তানদের নাম, জন্ম তারিখ, জন্মস্থান ও আবাসিক ঠিকানা।

বর্তমানে ইএসটিএ আবেদন করার সময় একটি ইমেইল ঠিকানা, ফোন নম্বর, বাসার ঠিকানা এবং জরুরি যোগাযোগের তথ্য দিতে হয় এবং এই অনুমোদনের মেয়াদ সাধারণত দুই বছর থাকে।

যদিও সংস্থাটির এই উদ্যোগ নতুন নয়। এর আগেও মার্কিন সরকার এইচ-১বি ভিসা এবং শিক্ষার্থী ও গবেষক ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে সামাজিক মাধ্যম যাচাইয়ের নিয়ম চালু করেছে। এছাড়া সরকার একটি নতুন ২৫০ ডলারের ‘ভিসা ইনটিগ্রিটি ফি’ চালুর পরিকল্পনাও করছে, তবে ভিসা মওকুফ সুবিধাপ্রাপ্ত দেশগুলোর নাগরিকরা এই ফি থেকে ছাড় পাবেন।