প্রকাশিত: ০৭ নভেম্বার ২০২৫, ০৪:০৫ পিএম • অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়: ট্রাম্প সমর্থকদেরও টানলেন প্রার্থীরা

যুক্তরাষ্ট্রে গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়: ট্রাম্প সমর্থকদেরও টানলেন প্রার্থীরা

ট্রাম্প যুগে ডেমোক্র্যাটরা সাধারণত ভালো ফল করেছে উচ্চশিক্ষিত ও রাজনৈতিকভাবে সচেতন ভোটারদের মধ্যে, যারা সাধারণত কম ভোটার উপস্থিতির বছরগুলোতে ভোট দেন। তবে ২০২৫ সালের গভর্নর নির্বাচনে চিত্রটা কিছুটা ভিন্ন ছিল। ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীরা শুধু নিজেদের সমর্থকদের ভোটই পাননি, ট্রাম্পের কিছু সমর্থককেও নিজেদের পক্ষে টেনে নিতে সক্ষম হয়েছেন।

রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে দেখা গেছে, এবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্য মূলত দুটি কারণে—উচ্চ ভোটার উপস্থিতি এবং পূর্বে ট্রাম্পকে ভোট দেওয়া একাংশ ভোটারের অবস্থান পরিবর্তন। ভার্জিনিয়ায় অ্যাবিগেল স্প্যানবার্গার এবং নিউ জার্সিতে মিকি শেরিল উভয়েই ট্রাম্প সমর্থকদের প্রায় সাত শতাংশ ভোট নিজেদের পক্ষে নিতে সক্ষম হন।

বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনটি ছোট মনে হলেও তা নির্বাচনী ফলাফলে বড় ভূমিকা রেখেছে। কারণ একজন ভোটার যখন দল বদলান, সেটি প্রতিদ্বন্দ্বী দলের জন্য একটি ভোট কমে যাওয়ারও সমান।

নিউ জার্সির রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতারেলি কামালা হ্যারিসের তিন শতাংশ ভোট এবং ভার্জিনিয়ার রিপাবলিকান প্রার্থী উইনসম আর্ল-সিয়ার্স এক শতাংশ ভোট নিজের পক্ষে টানতে পেরেছিলেন। তবে এই সংখ্যা যথেষ্ট ছিল না ডেমোক্র্যাটদের বিশাল ব্যবধান রোধ করার জন্য। ফলে শেরিল ১৩ পয়েন্ট এবং স্প্যানবার্গার ১৫ পয়েন্ট ব্যবধানে জয় পান।

হিস্পানিক ভোটারদের মধ্যেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। নিউ জার্সিতে শেরিল ট্রাম্পের ১৮ শতাংশ হিস্পানিক সমর্থন অর্জন করেন। একই সঙ্গে ডেমোক্র্যাটপন্থী হিস্পানিক ভোটারদের উপস্থিতিও ছিল বেশি। ২০২৪ সালে কামালা হ্যারিস হিস্পানিক ভোটে ৯ পয়েন্ট এগিয়ে ছিলেন, কিন্তু ২০২৫ সালে সেই ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩৭ পয়েন্টে।

ভোটার রেকর্ড বিশ্লেষণেও একই প্রবণতা দেখা গেছে। নিউ জার্সির নয়টি কাউন্টির তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাটদের ভোটার উপস্থিতি ১৯ শতাংশ পয়েন্টে দাঁড়ায়, যা আগের বছরের তুলনায় প্রায় আড়াই পয়েন্ট বেশি। তবে বিশ্লেষকরা বলছেন, এই বৃদ্ধি একাই নয়, বরং ট্রাম্প সমর্থকদের একটি অংশের দলবদলই মূল পার্থক্য তৈরি করেছে।

২০২৩ ও ২০২৪ সালের বিশেষ নির্বাচনের তুলনায় এবারের ফলাফল আলাদা। আগে ভোটার উপস্থিতিই ফলাফল নির্ধারণ করত, কিন্তু এবার অনেক ট্রাম্প সমর্থক ভোটের সিদ্ধান্ত বদলেছেন, যা ডেমোক্র্যাটদের পক্ষে বড় ভূমিকা রেখেছে।

তথ্যসূত্র: নিউ ইয়র্ক টাইমস