খেলাধুলা ডেস্ক • প্রকাশিত: ১০ নভেম্বার ২০২৫, ০৬:৪৩ এ এম • অনলাইন সংস্করণ

মেসির মুখে ‘চার’, ভক্তদের মনে চতুর্থ বিশ্বকাপ শিরোপার আশা

মেসির মুখে ‘চার’, ভক্তদের মনে চতুর্থ বিশ্বকাপ শিরোপার আশা

২০২৬ বিশ্বকাপে আবারও আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামতে চান লিওনেল মেসি—এমন ইঙ্গিত মিলেছে এক বিশেষ উপায়ে। আর্জেন্টিনা ফুটবল দলের নতুন জার্সির বিজ্ঞাপনে অংশ নিয়ে নিজের সেই ইচ্ছার আভাস দিয়েছেন ফুটবল জাদুকর।

বিজ্ঞাপনে দেখা যায়, মেসি তার সতীর্থদের সঙ্গে তাস খেলছেন। টেবিলে তাদের সঙ্গে আছেন জনপ্রিয় সংগীতশিল্পী বিজারর‌্যাপ এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। খেলার এক পর্যায়ে তাসে ‘চার’ উঠতেই হাসিমুখে মেসি বলে ওঠেন, “আমি তো এটাই চাই।” এই কথাটিকে ফুটবলপ্রেমীরা ধরে নিয়েছেন তার চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্য ও ২০২৬ আসরে খেলার ইচ্ছার প্রতীক হিসেবে।

আগামী বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ম্যাচগুলোতে আর্জেন্টিনার খেলোয়াড়রা পরবেন নতুন এই জার্সি। অ্যাডিডাসের তৈরি পোশাকটি ডিজাইন করেছেন ব্রাজিলিয়ান ডিজাইনার সার্জিও মারেকো। এতে ব্যবহার করা হয়েছে আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপজয়ী জার্সি—১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ সালের—নীল রঙের তিনটি আলাদা শেড। সাধারণত একটি শেডে তৈরি হলেও এবার প্রতিটি ডোরায় তিন ধরনের নীলের মিশ্রণ এনে এক অভিনব রূপ দিয়েছেন ডিজাইনার।

নতুন এই জার্সি এবং বিজ্ঞাপনে মেসির উপস্থিতি ফুটবলবিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, নিজের জন্মভূমির হয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্নই হয়তো আবার জাগিয়ে তুলেছেন আর্জেন্টাইন তারকা।