এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৭ নভেম্বার ২০২৫, ০৭:০৩ পিএম • অনলাইন সংস্করণ

মেনিনের স্পিকার দৌড়ে সংখ্যাগরিষ্ঠ সমর্থন, নিউইয়র্কে নতুন ক্ষমতার সমীকরণ

মেনিনের স্পিকার দৌড়ে সংখ্যাগরিষ্ঠ সমর্থন, নিউইয়র্কে নতুন ক্ষমতার সমীকরণ

নিউইয়র্ক সিটি কাউন্সিলে স্পিকার নির্বাচনে বড় ধরনের অগ্রগতি ঘোষণা করলেন কাউন্সিল সদস্য জুলি মেনিন। তিনি জানান, ৫১ সদস্যের পরিষদে প্রয়োজনীয় ২৬ ভোটের অনেক বেশি—মোট ৩৫ জন সদস্য তার পক্ষে সমর্থন জানিয়েছেন। এতে তিনি স্পিকার হওয়ার দৌড়ে স্পষ্টভাবে এগিয়ে গেলেন।

মেনিনের সমর্থনকারী সদস্যদের বড় অংশই প্রগ্রেসিভ ককাসের বাইরে থেকে এসেছে—যারা নির্বাচিত মেয়র জোহরান মামদানীর ঘনিষ্ঠ বলে বিবেচিত। তাকে সমর্থন করেছেন মধ্যপন্থী ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যরাও। ঘোষণা দিতে গিয়ে মেনিন বলেন, পাঁচ অঞ্চলের এই বিস্তৃত জোট নিউইয়র্ককে আরও বাসযোগ্য করতে মামদানী প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

প্রতিদ্বন্দ্বী হিসেবে সবচেয়ে শক্ত অবস্থানে ছিলেন ব্রুকলিনের ক্রিস্টাল হাডসন, যিনি প্রগ্রেসিভ সদস্য ও বৃহৎ স্বাস্থ্যসেবা ইউনিয়ন 1199SEIU-এর সমর্থন পেয়েছিলেন। তবে মামদানি টিম কোনো প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন দেননি, যা আগের দুই মেয়রের প্রচলিত হস্তক্ষেপের বিপরীত।

বুধবার সকালে সিটির বৃহৎ শ্রমিক ইউনিয়ন DC 37 সদস্যদের মেনিনকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ জানালেও, তা কোনো ফল আনতে পারেনি। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে মেনিনের সমর্থন আরও বাড়তে থাকে।

আগামী ৭ জানুয়ারি আনুষ্ঠানিক ভোটে স্পিকার নির্বাচিত হবেন। ফলে আগামী কয়েক সপ্তাহ মেনিনের জন্য চ্যালেঞ্জ হবে এই সমর্থন অক্ষুণ্ণ রাখা। আধুনিক পরিষদের ইতিহাসে এত আগে কোনো প্রার্থী বিজয় ঘোষণা করেননি।

হাডসনের টিম এ বিষয়ে মন্তব্য করেনি। স্পিকার পদের দৌড়ে থাকা অন্য সদস্য আমান্ডা ফারিয়াস, সেলভেনা ব্রুকস-পাওয়ার্স এবং ক্রিস্টোফার মার্টে রয়েছেন। মার্টে ইতোমধ্যে মেনিনের পক্ষে ঝুঁকেছেন।

মেনিনের প্রার্থিতার পেছনে বড় ভূমিকা রাখছে বেশ কিছু প্রভাবশালী সংস্থা ও রাজনৈতিক শক্তি—যেমন হোটেল অ্যান্ড গেমিং ট্রেডস কাউন্সিল, 32BJ, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির প্রধান গ্রেগরি মিকস, ব্রঙ্কস পার্টির প্রধান জামাল বেইলি এবং কাউন্সিল সদস্য শন আব্রু।

থ্যাংকসগিভিংয়ের আগে দৌড় স্থবির থাকলেও, দক্ষিণ-পূর্ব কুইন্সের এক বৈঠকে মেনিন টিম সমর্থন নিশ্চিত করে নেয়। কিছু সদস্য এটিকে অতিরিক্ত চাপ হিসেবে দেখছেন। তাদের দাবি, মেনিনপক্ষ সদস্যদের জানায়—“ট্রেন ছাড়ছে, এখনই সিদ্ধান্ত নিন।”

৫৮ বছর বয়সী মেনিন ম্যানহাটনের আপার ইস্ট সাইডের এক প্রভাবশালী রাজনৈতিক চরিত্র। করপোরেট আইন পেশা থেকে তিনি রাজনীতিতে আসেন। ৯/১১–এর পর লোয়ার ম্যানহাটন কমিউনিটি বোর্ডের চেয়ারম্যান হিসেবে বিশেষ খ্যাতি পান। তিনি বিগত মেয়র বিল দে ব্লাসিওর প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং নিউইয়র্কের ২০২০ সালের জনশুমারি তত্ত্বাবধান করেন।

স্পিকার নির্বাচনের পুরো প্রক্রিয়া এখন এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে, যা নির্বাচিত মেয়র মামদানীর সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কেও বড় ভূমিকা রাখবে।