নিউইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হয়েছেন। শনিবার বিকেলে মাদুরোকে বহনকারী বিমানটি নিউইয়র্ক সিটি থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড ঘাঁটিতে অবতরণ করে। পরবর্তীতে তাকে কড়া নিরাপত্তায় ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাদুরোকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে।
নতুন বছরের প্রথম দিন নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেওয়া জোহরান মামদানী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি একে যুদ্ধের সমতুল্য পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। মামদানীর মতে, এই অভিযান আন্তর্জাতিক ও দেশীয় উভয় আইনেরই সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরও বলেন যে, অন্য কোনো দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের এই নগ্ন চেষ্টা কেবল ভেনেজুয়েলার জনগণের ওপরই প্রভাব ফেলে না, বরং নিউইয়র্কে বসবাসরত হাজার হাজার ভেনেজুয়েলান অভিবাসীদের জীবনেও অনিশ্চয়তা তৈরি করে। মেয়র মামদানী মনে করেন, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।