এখন সময় ডেস্ক • প্রকাশিত: ১৯ নভেম্বার ২০২৫, ০১:৪৭ এ এম • অনলাইন সংস্করণ

মধ্যবিত্তকে ২ হাজার ডলারের চেক দিতে চান ট্রাম্প, সিদ্ধান্ত কংগ্রেসের হাতে

মধ্যবিত্তকে ২ হাজার ডলারের চেক দিতে চান ট্রাম্প, সিদ্ধান্ত কংগ্রেসের হাতে

যুক্তরাষ্ট্রে প্রত্যেক নাগরিককে দুই হাজার ডলারের ‘ডিভিডেন্ড চেক’ দেওয়ার প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক শুল্কনীতি নিয়ে সমালোচনার মধ্যে ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি জানান, উচ্চ আয়ের মানুষ বাদে অধিকাংশ আমেরিকান এই অর্থ পেতে পারেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি—বিনিয়োগ বাড়ছে, শেয়ারবাজার রেকর্ড গড়ছে, সরকারি রাজস্ব বাড়ছে এবং জাতীয় ঋণ পরিশোধের সুযোগ তৈরি হয়েছে। তাঁর দাবি, এসব অর্জনের ফল জনগণকে ফেরত দেওয়া উচিত।

তবে এই প্রস্তাব বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন বলে নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট। হ্যাসেট মনে করেন, জীবনযাত্রার ব্যয়ের সংকট কমাতে রিবেট দ্রুত কার্যকর ভূমিকা রাখতে পারে।

বেসেন্ট জানান, অনেক নাগরিক এই অর্থকে আলাদা অনুদান হিসেবে নয়—বরং কর ছাড় হিসেবে দেখতে পারেন। তিনি আরও বলেন, ডিভিডেন্ড চেক মূলত কর্মজীবী পরিবার ও মধ্যম–নিম্ন আয়ের মানুষের জন্য হবে এবং এখানে আয়ের সীমা নির্ধারণ করা হবে।

সরকারি হিসাবে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত শুল্ক থেকে প্রায় ১৯৫ বিলিয়ন ডলার আয় করেছে যুক্তরাষ্ট্র। এদিকে জাতীয় ঘাটতি বেড়ে ৩৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। দাম কমাতে গরুর মাংস ও কফির মতো কিছু পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার ঘোষণাও দিয়েছেন ট্রাম্প।

হ্যাসেট আরও ইঙ্গিত দিয়েছেন, বিভিন্ন অকার্যকর সরকারি কর্মসূচি বাতিল করে যে ব্যয় সাশ্রয় হয়েছে, সেখান থেকেও অর্থ যোগান দেওয়া হতে পারে। তবে কংগ্রেস এখন পর্যন্ত প্রস্তাবটি আলোচনার সূচিও প্রকাশ করেনি। বিপরীতে ডেমোক্র্যাটরা বর্তমানে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের মেয়াদ বাড়ানো নিয়ে বেশি মনোযোগী।