মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্ব অর্থনীতি ও মানবিক পরিস্থিতিকে ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে অঞ্চলটির সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, সংঘাত যত দীর্ঘায়িত হবে, ততই এর প্রভাব বিশ্বব্যাপী আরও গভীর হবে।
শনিবার (১ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে, খাদ্য ও কৃষিখাতে ব্যবহৃত সারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বড় ধরনের চাপের মুখে পড়েছে।
তিনি সতর্ক করে বলেন, এই সংকটের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মূল্যায়ন অনুযায়ী, সংঘাতের প্রভাবে প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে রয়েছে। এছাড়া মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার কারণে আরও লাখ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারে।
গাজা পরিস্থিতি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব। হামাসের অস্ত্র ত্যাগ এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারসংক্রান্ত যুক্তরাষ্ট্রের ঘোষিত চুক্তিকে তিনি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
গুতেরেস বলেন, “এই লক্ষ্য বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। কোনো ধরনের প্রশ্ন, সংশয় বা তা ভেস্তে দেওয়ার চেষ্টা না করে সংশ্লিষ্ট সব পক্ষের উচিত সেই রূপরেখা অনুযায়ী এগিয়ে যাওয়া। এখন সম্মত শর্তগুলো বাস্তবায়নের উপযুক্ত সময়।”