ভারী বৃষ্টিপাতের ফলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর বন্যায় প্লাবিত হয়েছে। এতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র এরিক অ্যাডামস। বৃহস্পতিবারের ওই প্রবল বর্ষণ ও ঝড়ের কারণে ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে এবং আবহাওয়া কর্তৃপক্ষ কয়েকটি এলাকায় বন্যা সতর্কতা জারি করে।
শুক্রবার (৩১ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টিতে রাস্তাগুলো পানিতে তলিয়ে যায়। গাড়ি ও অন্যান্য যানবাহন চলাচলে বিপর্যয় নেমে আসে। অনেক বাসিন্দা গৃহবন্দি হয়ে পড়েন, আর জরুরি কাজে বের হতে হয় হাঁটু থেকে উরুসমান পানি পেরিয়ে।
মেয়র এরিক অ্যাডামস সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, “যে পরিমাণ বৃষ্টির পূর্বাভাস কয়েক ঘণ্টার জন্য ছিল, তার বেশিরভাগই মাত্র ১০ মিনিটের মধ্যেই নেমে এসেছে।”
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণেই এই দুর্যোগ দেখা দিয়েছে। লাগার্ডিয়া বিমানবন্দরে ২ দশমিক ০৯ ইঞ্চি (প্রায় ৫.৩১ সেন্টিমিটার) এবং নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ১ দশমিক ৯৯ ইঞ্চি (প্রায় ৫.০৫ সেন্টিমিটার) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইন্সের কিছু অংশে উপকূলীয় বন্যার সতর্কতাও জারি করেছে।