খেলাধুলা ডেস্ক • প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২৬, ০৮:১০ এ এম • অনলাইন সংস্করণ

ভারত থেকে ম্যাচ সরানোর অনুরোধ বিবেচনা করতে পারে আইসিসি

ভারত থেকে ম্যাচ সরানোর অনুরোধ বিবেচনা করতে পারে আইসিসি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) করা অনুরোধটি গুরুত্বের সাথে বিবেচনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকবাজের এক প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় স্থানান্তর করার বিষয়ে আইসিসির পক্ষ থেকে প্রাথমিক কোনো আপত্তি নেই। তবে ভেন্যু পরিবর্তনের এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে টুর্নামেন্টের বর্তমান সূচিতে কিছু রদবদল আনতে হতে পারে, যা আগামী কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ গ্রুপ ‘সি’-তে অবস্থান করছে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। আগের নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরুর কথা থাকলেও নিরাপত্তার অজুহাতে ভারত সফরে অনীহা প্রকাশ করেছে বিসিবি।

ঢাকায় অনুষ্ঠিত এক জরুরি সভায় বিসিবি সিদ্ধান্ত নেয় যে, বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলকে ভারতে পাঠানো নিরাপদ নয়। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং সরকারের বিশেষ পরামর্শের ভিত্তিতেই তারা আইসিসিকে ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। মূলত ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই কর্তৃক আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ এবং দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই নিরাপত্তা শঙ্কা আরও জোরালো হয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মোট আটটি ভেন্যুতে এই বিশ্ব আসর বসার কথা রয়েছে। এখন আইসিসি যদি বিসিবির প্রস্তাব গ্রহণ করে তবে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কার কোনো ভেন্যুতে আয়োজিত হতে পারে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি এখন পরিবর্তিত পরিস্থিতির আলোকে টুর্নামেন্টের বাণিজ্যিক ও কৌশলগত দিকগুলো পর্যালোচনা করছে।