খেলাধুলা ডেস্ক • প্রকাশিত: ১৫ নভেম্বার ২০২৫, ০৮:০৬ এ এম • অনলাইন সংস্করণ

বৈভব সূর্যবংশীর ঝড়ো সেঞ্চুরিতে ভারত ‘এ’ দলের রেকর্ড ইনিংস

বৈভব সূর্যবংশীর ঝড়ো সেঞ্চুরিতে ভারত ‘এ’ দলের রেকর্ড ইনিংস

মাত্র ১৩ বছর বয়সেই আইপিএলে দল পেয়ে আলোচনায় আসা বৈভব সূর্যবংশী আবারও আলোচনায়। রাজস্থান রয়্যালসের হয়ে ৩৫ বলে সেঞ্চুরি করে অল্প বয়সেই তারকা খ্যাতি পাওয়া এই ব্যাটার এবার ভারত ‘এ’ দলের হয়ে দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে সেঞ্চুরি করলেন।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে প্রথম বলেই আউট হওয়ার সম্ভাবনা ছিল সূর্যবংশীর। তবে জীবন পেয়ে সেটিকে কাজে লাগিয়ে ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। পাওয়ার প্লেতেই ফিফটির দেখা পান, মাত্র ১৭ বলে পঞ্চাশ পূর্ণ করেন। এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠেন। পরের পঞ্চাশ রান করতে খরচ করেন মাত্র ১৫ বল। সবমিলিয়ে ৩২ বলে তিন অঙ্কে পৌঁছান, যা ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

ভারতের হয়ে ৩২ বলে সেঞ্চুরি আছে রোহিত শর্মা ও রিশাভ পান্তেরও। আর দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি উর্ভিল প্যাটেল ও আভিশেক শর্মার দখলে, যারা ২৮ বলে একশ রান করেছিলেন।

সূর্যবংশী শেষ পর্যন্ত ৪২ বলে ১৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ব্যাটে আসে ১৫ ছক্কা ও ১১ চার। তার সঙ্গে জিতেশ শর্মাও ঝড় তোলেন, ৩২ বলে অপরাজিত ৮৩ রান করেন। দুজনের ব্যাটে ভর করে ভারত ‘এ’ দল ৪ উইকেটে ২৯৭ রানের বিশাল সংগ্রহ গড়ে।