প্রকাশিত: ২২ অক্টোবার ২০২৫, ০৫:৫৯ এ এম • অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, একদিনেই কমলো ৫ শতাংশের বেশি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, একদিনেই কমলো ৫ শতাংশের বেশি

বিশ্ববাজারে মঙ্গলবার (২১ অক্টোবর) স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। একদিন আগে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর এদিন মূল্যবান এই ধাতুটির দাম ৫ শতাংশেরও বেশি কমে যায়।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মঙ্গলবারের বেচাকেনায় স্বর্ণের দাম ৫.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১২৭ ডলারে নেমে আসে। যা গত এক দশকের মধ্যে একদিনে সবচেয়ে বড় পতন। এর আগের দিন সোমবার (২০ অক্টোবর) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ৫২ ডলার ছুঁয়েছিল।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রেকর্ড দামের পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতাই এই হঠাৎ পতনের মূল কারণ।

এদিকে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন এই দাম সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।