খেলাধুলা ডেস্ক • প্রকাশিত: ২৫ ডিসেম্বার ২০২৫, ০৫:৩৪ এ এম • অনলাইন সংস্করণ

বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসে বাবা-ছেলের ঐতিহাসিক জুটি

বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসে বাবা-ছেলের ঐতিহাসিক জুটি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। আর নিজেদের অভিষেক মৌসুমেই এক অনন্য ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে দেশ ট্রাভেলসের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকেটের মাঠে বিরল এক দৃশ্য উপহার দিয়ে এবার একই দলে একসঙ্গে খেলবেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তার বড় ছেলে হাসান ইসাখিল। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা ও ছেলের ছবি পোস্ট করে এই চমকপ্রদ তথ্য নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

দেশি-বিদেশি তারকাদের ভিড়ে মোহাম্মদ নবীকে আগেই দলে ভিড়িয়েছিল নোয়াখালী। এবার টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে ১৯ বছর বয়সী উদীয়মান ব্যাটার হাসান ইসাখিলকেও স্কোয়াডে যুক্ত করেছে তারা। এর আগে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে এই বাবা-ছেলেকে একসঙ্গে মাঠে দেখা গেলেও বিপিএলের মঞ্চে এটিই হবে তাদের প্রথম জুটি। ডানহাতি ওপেনার হিসেবে পরিচিত ইসাখিল ইতিমধ্যে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নিজের প্রতিভার জানান দিয়েছেন।

আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী দিনেই মাঠের লড়াইয়ে নামবে নোয়াখালী এক্সপ্রেস। রাতের ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে চট্টগ্রাম রয়্যালস। উদ্বোধনী ম্যাচেই এই ঐতিহাসিক বাবা-ছেলে জুটিকে একাদশে দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। শক্তিশালী স্কোয়াড গঠন করা নোয়াখালী দলে নবীর পাশাপাশি রয়েছেন হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস এবং জনসন চার্লসের মতো তারকা ক্রিকেটাররা।

নোয়াখালী এক্সপ্রেসের পূর্ণাঙ্গ স্কোয়াডে আরও রয়েছেন সেদিকউল্লাহ আতাল, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মাজ সাদাকাত, জহির খান, ইবরার আহমেদ ও বিলাল সামি।