এখন সময় ডেস্ক • প্রকাশিত: ০৯ ডিসেম্বার ২০২৫, ০৮:০৫ এ এম • অনলাইন সংস্করণ

বাংলাদেশে উপেক্ষিত প্রতিভাবান ফুটবলার আরহাম ডাক পেয়েছেন অস্ট্রেলিয়া জাতীয় অনূর্ধ্ব-২০ দলে

বাংলাদেশে উপেক্ষিত প্রতিভাবান ফুটবলার আরহাম ডাক পেয়েছেন অস্ট্রেলিয়া জাতীয় অনূর্ধ্ব-২০ দলে

এক বছর আগে এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইপর্বে বাংলাদেশের হয়ে খেলেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার কিশোর আরহাম ইসলাম। প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে লাল-সবুজের বয়সভিত্তিক দলে নাম লেখালেও, এরপর আর তাঁকে বাংলাদেশের কোনো বয়সভিত্তিক দলে বিবেচনা করা হয়নি।

বাংলাদেশে উপেক্ষিত সেই প্রতিভাবান ফুটবলার এবার অস্ট্রেলিয়া জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দলেও জায়গা পেয়েছেন।

জাপানে ত্রিদেশীয় সিরিজ খেলবে অস্ট্রেলিয়া

চলতি মাসের মাঝামাঝিতে জাপানে ত্রিদেশীয় একটি ফুটবল সিরিজ খেলবে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দল। আসন্ন এই সিরিজে স্বাগতিক জাপান ও স্পেনের জাতীয় অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়ার যুবারা। এছাড়া জাপানের একটি ক্লাব দলের বিপক্ষেও এক ম্যাচ খেলার কথা রয়েছে।

এই সিরিজের জন্য ঘোষণা করা ২০ সদস্যের অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন ওয়েস্টার্ন ইউনাইটেডে খেলা আরহাম ইসলাম। এই দলের মধ্যে ১৩ জন যুব ফুটবলার অস্ট্রেলিয়ার জুনিয়র দলে অভিষেকের অপেক্ষায় আছেন।

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ ডিসেম্বর স্পেনের বিপক্ষে। এরপর ২০ ডিসেম্বর স্বাগতিক জাপানের শিজুওকা প্রিফেকচারের দলের মুখোমুখি হবে তারা এবং ২১ ডিসেম্বর জাপানের বিপক্ষেই সিরিজের শেষ ম্যাচ খেলবে।

বাংলাদেশে উপেক্ষা ও সমর্থকদের ক্ষোভ

২০২৪ সালের নভেম্বরে কম্বোডিয়ায় এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে বাংলাদেশের জার্সি গায়ে লড়াকু পারফরম্যান্স দেখিয়েছিলেন আরহাম। কিন্তু এরপর গত এক বছরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাই খেললেও আরহামকে আর ডাকা হয়নি। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব-২৩ দলে নিয়মিত খেলছেন।

কম্বোডিয়ায় ভালো পারফরম্যান্সের পরও তাঁকে বাংলাদেশের কোনো ক্যাম্প বা টুর্নামেন্টে বিবেচনা না করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে।