এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে চীনের ছংছিংয়ে চমৎকার ছন্দ বজায় রেখেছে বাংলাদেশ যুব দল। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫–০ গোলের বড় ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয়ের স্বাদ পেয়েছে লাল–সবুজের তরুণরা।
এর আগে তিমুর লেস্তেকে ৫–০ এবং ব্রুনাইকে ৮–০ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতাই দেখা গেল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও।
ম্যাচের শুরু থেকেই মাঝমাঠে আধিপত্য স্থাপন করে বাংলাদেশ। ২৪তম মিনিটে ডান দিক থেকে আরিফের নিখুঁত ক্রসে ইকরামুলের হেডে এগিয়ে যায় দল। পাঁচ মিনিটের ব্যবধানে আসা দ্বিতীয় গোলটি করেন মানিক। অপুর থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও শ্রীলঙ্কার গোলরক্ষকের সেভে স্কোরলাইন বাড়েনি।
বিরতির পর ৬৪তম মিনিটে রিফাতের পাস ধরে ডিফেন্ডারকে কাটিয়ে শান্তভাবে ফয়সাল করেন তৃতীয় গোল।
যোগ করা সময়ে আসে আরও দুটি গোল। ৯০ মিনিটে বায়জিদের দূরপাল্লার শটে স্কোর হয় ৪–০। আর শেষ মুহূর্তে হাফ–ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন ফয়সাল। পাঁচ গোলের বিনিময়ে কোনো গোল হজম না করে আরেকটি দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ।
৩০ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক চীন। গ্রুপসেরা হতে পারলে আগামী মে মাসে সৌদি আরবে মূল পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশের অনূর্ধ্ব–১৭ দল।