এখন সময় ডেস্ক • প্রকাশিত: ১৩ ডিসেম্বার ২০২৫, ০৭:১৬ এ এম • অনলাইন সংস্করণ

বাংলাদেশসহ চারটি দেশের বিরুদ্ধে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে সিডিসি

বাংলাদেশসহ চারটি দেশের বিরুদ্ধে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে সিডিসি

মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বাংলাদেশসহ চারটি দেশের বিরুদ্ধে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে। এসব দেশে বর্তমানে মশাবাহিত চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আমেরিকান নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) জারি করা এই সতর্কতায় কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশকে তালিকাভুক্ত করা হয়েছে।

ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ সিডিসি কিছু উষ্ণমণ্ডলীয় দেশে যাত্রার পরিকল্পনা করা আমেরিকানদের জন্য এই নতুন সতর্কতা জারি করেছে। এসব এলাকায় বর্তমানে যে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তার কার্যকর কোনো চিকিৎসা নেই।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, চিকুনগুনিয়ার নির্দিষ্ট কোনো চিকিৎসা না থাকলেও রোগটি টিকা দ্বারা প্রতিরোধযোগ্য। যেসব এলাকায় এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সেখানে কোনো আমেরিকান নাগরিকের ভ্রমণের পরিকল্পনা রয়েছে, তাদের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চিকুনগুনিয়া ভাইরাসের সবচেয়ে সাধারণ উপসর্গ হলো জ্বর এবং গাঁটে গাঁটে ব্যথা। এছাড়া আক্রান্তদের মাথাব্যথা, মাংসপেশির ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া বা র‍্যাশও দেখা দিতে পারে। সাধারণত আক্রান্ত মশার কামড়ের তিন থেকে সাত দিনের মধ্যে উপসর্গ দেখা দেয় এবং বেশিরভাগ মানুষ এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন।