যুক্তরাষ্ট্রে চলমান প্রশাসনিক অচলাবস্থা এবং তহবিল নিয়ে আইনি জটিলতার মধ্যেও নভেম্বর মাসে ফেডারেল সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (স্ন্যাপ)–এর পূর্ণ সুবিধা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকল। শুক্রবার এক বিবৃতিতে তিনি জানান, রবিবার থেকেই স্টেটের বাসিন্দারা এই সহায়তার অর্থ পেতে শুরু করবেন।
গভর্নর হোকল বলেন, “স্পষ্ট করে বলতে চাই, প্রেসিডেন্ট ট্রাম্প এমন এক নীতিতে অটল রয়েছেন, যা লাখো আমেরিকানের খাবার টেবিল থেকে তুলে নিচ্ছে। তিনি ধারাবাহিকভাবে এমন সিদ্ধান্ত নিচ্ছেন, যা পরিবার, প্রবীণ ও শিশুদের খাদ্য সহায়তা বন্ধ করছে—এবং আদালতের স্পষ্ট আদেশ উপেক্ষা করে সেই নিষ্ঠুরতাকেই দ্বিগুণ করছেন। এটি অমানবিক ও অগ্রহণযোগ্য। আমি প্রায় ৩০ লাখ নিউইয়র্কবাসীর অনিশ্চয়তা দূর করতে নিরলসভাবে কাজ করছি।”
ট্রাম্প প্রশাসন বর্তমানে একটি ফেডারেল আদালতের আদেশ ঠেকাতে আপিল করেছে, যাতে শুক্রবারের মধ্যেই নভেম্বর মাসের স্ন্যাপ সুবিধার পূর্ণ অর্থায়ন নিশ্চিত করতে বলা হয়েছিল। ফেডারেল সরকার এর আগে ৪ দশমিক ৬৫ বিলিয়ন ডলার জরুরি তহবিল ব্যবহারের ঘোষণা দিলেও, যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৪ কোটি ২০ লাখ উপকারভোগীর জন্য পুরো প্রোগ্রামটি সচল রাখতে প্রয়োজন প্রায় ৮ বিলিয়ন ডলার।
নিউইয়র্ক স্টেটে প্রায় ৩০ লাখ মানুষ এই কর্মসূচির ওপর নির্ভরশীল। এক সপ্তাহ আগে গভর্নর হোকল জরুরি অবস্থা ঘোষণা করে স্টেট তহবিল থেকে অতিরিক্ত ৬ কোটি ৫০ লাখ ডলার বরাদ্দ দেন, যাতে খাদ্য সহায়তা কার্যক্রম চালু রাখা যায়।
মার্কিন ইতিহাসে দীর্ঘতম এই প্রশাসনিক অচলাবস্থার শুক্রবার ছিল ৩৮তম দিন। ফেডারেল অনিশ্চয়তার মধ্যেও স্টেট পর্যায়ে পদক্ষেপ নেওয়ায় নিউইয়র্কের বাসিন্দারা আপাতত কিছুটা স্বস্তি পাচ্ছেন।