খেলাধুলা ডেস্ক • প্রকাশিত: ০৭ ডিসেম্বার ২০২৫, ০৮:৪৫ এ এম • অনলাইন সংস্করণ

ফুটবল-ক্রিকেট ধামাকা: ২০২৬ সালে একসঙ্গে দুই বিশ্বকাপে খেলবে ৭ দেশ

ফুটবল-ক্রিকেট ধামাকা: ২০২৬ সালে একসঙ্গে দুই বিশ্বকাপে খেলবে ৭ দেশ

আগামী বছর বিশ্ব দেখবে দুটি মেগা ইভেন্ট—টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ফুটবল বিশ্বকাপ। ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ যেখানে খেলবে ২০ দল। এরপর ১১ জুন থেকে মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে রেকর্ড ৪৮টি দল।

শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয় আসন্ন ফুটবল বিশ্বকাপের ড্র। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিও এরই মধ্যে প্রকাশিত হয়েছে।

একই বছরে অনুষ্ঠিত হতে যাওয়া এই দুই বৈশ্বিক টুর্নামেন্টে খেলা নিশ্চিত করেছে ৭টি দেশ। দেশগুলো হলো—দক্ষিণ আফ্রিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

দুই খেলার দুই গ্রুপের বিবরণ:

১. দক্ষিণ আফ্রিকা

ফুটবল বিশ্বকাপ গ্রুপ: এ (প্রতিপক্ষ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া)

ক্রিকেট বিশ্বকাপ গ্রুপ: ডি (প্রতিপক্ষ: নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, আরব আমিরাত)

২. কানাডা

ফুটবল বিশ্বকাপ গ্রুপ: বি (প্রতিপক্ষ: কাতার, সুইজারল্যান্ড)

ক্রিকেট বিশ্বকাপ গ্রুপ: ডি (প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, আরব আমিরাত)

৩. যুক্তরাষ্ট্র

ফুটবল বিশ্বকাপ গ্রুপ: বি (প্রতিপক্ষ: প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া)

ক্রিকেট বিশ্বকাপ গ্রুপ: এ (প্রতিপক্ষ: ভারত, পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস)

৪. অস্ট্রেলিয়া

ফুটবল বিশ্বকাপ গ্রুপ: ডি (প্রতিপক্ষ: প্যারাগুয়ে, যুক্তরাষ্ট্র)

ক্রিকেট বিশ্বকাপ গ্রুপ: বি (প্রতিপক্ষ: শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান)

৫. নেদারল্যান্ডস

ফুটবল বিশ্বকাপ গ্রুপ: এফ (প্রতিপক্ষ: জাপান, তিউনিসিয়া)

ক্রিকেট বিশ্বকাপ গ্রুপ: এ (প্রতিপক্ষ: ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া)

৬. নিউজিল্যান্ড

ফুটবল বিশ্বকাপ গ্রুপ: জি (প্রতিপক্ষ: বেলজিয়াম, মিসর, ইরান)

ক্রিকেট বিশ্বকাপ গ্রুপ: ডি (প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা, আরব আমিরাত)

৭. ইংল্যান্ড

ফুটবল বিশ্বকাপ গ্রুপ: এল (প্রতিপক্ষ: ক্রোয়েশিয়া, ঘানা, পানামা)

ক্রিকেট বিশ্বকাপ গ্রুপ: সি (প্রতিপক্ষ: বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, নেপাল)

বর্তমানে ফুটবল বিশ্বকাপের ৪৮টি দলের মধ্যে ৪২টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। বাকি ৬ দলের বিশ্বকাপ নিশ্চিত হবে প্লে-অফের লড়াই শেষে। এই প্লে-অফের লড়াইয়ে আছে ইতালি, নর্দান আয়ারল্যান্ড ও জ্যামাইকা।

উল্লেখযোগ্য বিষয় হলো, প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ইতালি। আয়ারল্যান্ডও আছে ক্রিকেট বিশ্বকাপে। জ্যামাইকা সরাসরি ক্রিকেট বিশ্বকাপে না থাকলেও, তাদের প্রতিনিধি হিসেবে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ, প্লে-অফের লড়াইয়ে ইতালি বা জ্যামাইকা বিশ্বকাপ নিশ্চিত করতে পারলে একই বছরে দুই বিশ্বকাপে খেলা দেশের সংখ্যা আরও বাড়বে।