সিলেট নগরের টিলাগড়ে ফুটবলের মাঠে সংবর্ধিত হলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় বালাগঞ্জের কৃতি সন্তান ক্রিকেটার তানজিম হাসান সাকিব।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে নগরের টিলাগড়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত কাউন্সিলর আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্টে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনার জবাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য তানজিম হাসান সাকিব বলেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে গ্যালারি ভর্তি এক তৃতীয়াংশ দর্শক ছিলেন বাংলাদেশি। দেশের প্রতি ভালবাসা দেখিয়ে তারা মাঠে উপস্থিত থেকে আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। দেশের মানুষের সহযোগিতা ও অনুপ্রেরণা পেলে আজকের বিশ্বজয়ী অনুর্ধ্ব-১৯ দলের প্রতিটি খেলোয়াড় একসময় ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেবে।
তিনি বলেন, আমাদের মতো নতুন প্রজন্ম পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করলে মাদক ও অপরাধ প্রবণতা থেকে রক্ষা পাবে।
এসময় প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বিশ্বকাপ জয়ী সাকিবকে অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্বচ্যাম্পিয়নরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। আর সেই দলেরই সদস্য হয়ে খেলে সাকিব সিলেটের মুখ উজ্জ্বল করেছেন। সিলেটে নতুন প্রজন্মের যারা ক্রিকেটচর্চা করছেন, তাদের কাছে সাকিব এক অনুপ্রেরণার নাম হয়ে থাকবেন। সাকিব প্রমাণ করেছেন অদম্য ইচ্ছা থাকলে যেকোনো কঠিন চ্যালেঞ্জ জয়ও সম্ভব।
সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, অনূর্ধ্ব-১৯ দলের সদস্য সাকিব একদিন বাংলাদেশ দলের অপরিহার্য ক্রিকেটারে পরিণত হবেন। সাকিব তার নিজের যোগ্যতা ও ক্রীড়া নৈপুণ্য দিয়ে একদিন জাতীয় দলে ঠাঁই করে নেবেন আশাবাদী। সেদিন জাতীয় তারকা হিসেবে দেশের মানুষ তাকে নিয়ে গর্ব করবেন।