এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৭ ডিসেম্বার ২০২৫, ০৭:০২ এ এম • অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের সিদ্ধান্তে ১৪ দেশের তীব্র নিন্দা

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের সিদ্ধান্তে ১৪ দেশের তীব্র নিন্দা

অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা ও নিন্দা জানিয়েছে ব্রিটেন, কানাডা, ফ্রান্স এবং ডেনমার্কসহ বিশ্বের ১৪টি প্রভাবশালী দেশ। এক যৌথ বিবৃতিতে দেশগুলো এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, ইসরায়েলের এই সিদ্ধান্ত কেবল গাজা যুদ্ধবিরতিকেই ঝুঁকিতে ফেলবে না, বরং পুরো অঞ্চলের দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তাকেও বিঘ্নিত করবে।

বিবৃতি প্রদানকারী দেশগুলোর তালিকায় রয়েছে বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জাপান, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং যুক্তরাজ্য। দেশগুলো সম্মিলিতভাবে ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেটের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যেকোনো ধরনের ভূখণ্ড দখল বা বসতি সম্প্রসারণের নীতির বিরুদ্ধে তাদের অবস্থান অনড়। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সমর্থন জানিয়ে তারা দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানের মাধ্যমে একটি স্থায়ী ও ন্যায়সংগত শান্তির আহ্বান জানিয়েছে।

ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গত রবিবার এই বসতি স্থাপনের পরিকল্পনার কথা জানান। তিনি স্পষ্টভাবে বলেন যে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা নস্যাৎ করা। স্মোট্রিচ আরও দাবি করেন, ২০২২ সালের শেষ থেকে এ পর্যন্ত ইসরায়েল সরকার ৬৯টি নতুন বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সার এই আন্তর্জাতিক সমালোচনাকে বৈষম্যমূলক বলে প্রত্যাখ্যান করেছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের পর ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণের হার বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই বসতিগুলো অবৈধ। বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিম তীরের উত্তর-পূর্বাঞ্চলে কৌশলগতভাবে এসব বসতি স্থাপন করা হচ্ছে যাতে ফিলিস্তিনিদের ভূখণ্ড বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই ধরনের পদক্ষেপ মাঠপর্যায়ে ফিলিস্তিনিদের জীবনযাত্রা ব্যাহত করছে এবং উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ডকে উৎসাহিত করছে।