২০২৬ বিশ্বকাপ ফুটবল শুরু হতে এখনো আট মাস বাকি, কিন্তু ইতিমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। টুর্নামেন্টকে ঘিরে প্রথম দফায় রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফার তথ্যমতে, চলতি মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হওয়ার পর প্রথম ধাপে ১০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল থেকে সমর্থকেরা টিকিট কিনেছেন। সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। টিকিট ক্রয়ে শীর্ষ ১০ দেশের বাকি সাতটি হলো ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স।
২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই মহাযজ্ঞ। ৪৮ দলের এই আসরে এখন পর্যন্ত ২৮ দলের খেলা নিশ্চিত হয়েছে। ফিফা এখনো জানায়নি কোন ম্যাচে কত টিকিট বিক্রি হয়েছে বা কোন ভেন্যুতে চাহিদা সবচেয়ে বেশি।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, “জাতীয় দলগুলো যখন এই ঐতিহাসিক বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য লড়ছে, তখন সমর্থকদের এই উৎসাহ সত্যিই অনুপ্রেরণাদায়ক। ইতিহাসের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক এই আসর সারা বিশ্বের কল্পনা ও উচ্ছ্বাসকে নাড়া দিচ্ছে।”
প্রথম ধাপে ৪৫ লাখ আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকেরা টিকিট কেনার সুযোগ পেয়েছেন। দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে ২৭ অক্টোবর, যেখানে সমর্থকেরা একক ম্যাচের পাশাপাশি নির্দিষ্ট দল বা ভেন্যু ভিত্তিক টিকিট কিনতে পারবেন।
উত্তর আমেরিকার ১৬টি ভেন্যুতে ১০৪টি ম্যাচে মোট আসনসংখ্যা থাকবে প্রায় ৭১ লাখ। এর মধ্যে কতটি সাধারণ দর্শকের জন্য উন্মুক্ত থাকবে, তা এখনো ঘোষণা করেনি ফিফা।
টিকিটের সর্বনিম্ন দাম ৬০ ডলার, যা অন্তত ৪০টি ম্যাচে প্রযোজ্য। তবে বেশিরভাগ ম্যাচের দাম এর চেয়ে অনেক বেশি। উদ্বোধনী ম্যাচটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইনগলউডে সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে টিকিটের দাম ৫৬০ থেকে ২ হাজার ৭৩৫ ডলার পর্যন্ত।
সমর্থকেরা চারটি শ্রেণিতে টিকিট কিনতে পারবেন—ক্যাটাগরি ১ সবচেয়ে প্রিমিয়াম আসন, আর ক্যাটাগরি ৪ স্টেডিয়ামের উপরের অংশে। এবারই প্রথমবারের মতো ফিফা টিকিটের জন্য ‘ডায়নামিক প্রাইসিং’ ব্যবস্থা চালু করেছে, অর্থাৎ চাহিদার ওপর নির্ভর করে টিকিটের দাম ওঠানামা করবে।
দ্বিতীয় ধাপের লটারিতে নির্বাচিত ব্যক্তিরা নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত টিকিট কিনতে পারবেন। দলগুলোর সূচি চূড়ান্ত হওয়ার পর, অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে শুরু হবে তৃতীয় ধাপের টিকিট বিক্রি।
শেষ সময়ে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে টিকিট কেনার সুযোগ থাকবে, পাশাপাশি ফিফা তাদের অফিসিয়াল পুনর্বিক্রয় প্ল্যাটফর্মও চালু করেছে যাতে সমর্থকেরা বৈধভাবে টিকিট বিক্রি বা পুনরায় ক্রয় করতে পারেন।