এখন সময় বিশ্লেষণ : • প্রকাশিত: ০৪ নভেম্বার ২০২৫, ০৪:৪৩ পিএম • অনলাইন সংস্করণ

নিউইয়র্ক মেয়র রেস : শেষ রাতে সহজ হিসাব

নিউইয়র্ক মেয়র রেস : শেষ রাতে সহজ হিসাব

সোমবার ৩ নভেম্বর ২০২৫ শেষ। একটু পর শুরু হবে শেষমেশ চূড়ান্ত ভোট। শেষ দিনে শহরজুড়ে তিন প্রার্থীই ছুটেছেন। ডেমোক্র্যাট জোহরান মামদানি ভোরে সাপোর্টারদের নিয়ে ব্রুকলিন ব্রিজ হাঁটলেন, অ্যান্ড্রু কুওমো স্বতন্ত্র প্রার্থী হয়ে ম্যানহাটন–ব্রঙ্কসে হাত মেলালেন, রিপাবলিকান কার্টিস স্লিওয়া কনি আইল্যান্ডে প্রচারে ছিলেন। চিত্রটা সহজ ভাষায় আঁকলে- মামদানি এগিয়ে, কুওমো দ্বিতীয়, স্লিওয়া তৃতীয়, তবে চূড়ান্ত রায় দেবে টার্নআউট ও শেষ মুহূর্তের সিদ্ধান্তহীন ভোটাররা।

জরিপগুলোর সারাংশও একই কথা বলছে। কুইনিপিয়াকের সাম্প্রতিক ফলাফলে মামদানি প্রায় ১০–১৩ পয়েন্ট এগিয়ে, কুওমো দ্বিতীয় আর স্লিওয়া আরো দূরে। একাধিক অ্যাগ্রিগেটে গড় ব্যবধান প্রায় পনেরো পয়েন্টের কাছাকাছি। মানে, সাধারণ ছবিতে মামদানিকেই ফেভারিট দেখাচ্ছে শেষ রাত পর্যন্ত।

টার্নআউট এ বার্তাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। নয় দিন আর্লি ভোটে ৭৩৫ হাজারেরও বেশি চেক ইন হয়েছে নন প্রেসিডেন্সিয়াল বছরে এটি রেকর্ড। তরুণ ভোটের অংশও চোখে পড়ার মতো বেড়েছে। যা সাধারণত ডেমোক্র্যাট প্রার্থীকেই বাড়তি হাওয়া দেয়। তবে বহুমুখী রেসে নিশ্চিত সূত্র বলা মুশকিল। কাল কি অনেকে লাইনে দাঁড়াবেন! অর্থাৎ মঙ্গলবার। তা–ই শেষ সমীকরণ বদলাতে পারে।

ইস্যুতেও তিন ধারা। মামদানি বলছেন জীবনযাত্রার খরচ কমানো, রেন্ট ফ্রিজ, সাশ্রয়ী যাতায়াত, শিশু যত্ন ধাঁচের প্রতিশ্রুতি। কুওমো জোর দিচ্ছেন জননিরাপত্তা ও এনওয়াইপিডি'তে। বলছেন তিনি মধ্যপন্থী ভোট এক জায়গায় টানতে চান। স্লিওয়া আউটার বরো আর ‘ক্রাইম’ ইস্যুতে কঠোর ভাষায় ভোট চাইছেন। জাতীয় রাজনীতিও ঢুকে পড়েছে। ট্রাম্প প্রকাশ্যে মামদানিকে আক্রমণ করে কুওমোকে ভোট দিতে বলেছেন। এতে রিপাবলিকান-স্বতন্ত্র ভোটের ভাগাভাগিতে শেষ রাতে অঙ্ক কষছেন দুই শিবিরই।

সহজ নিয়ম মনে রাখা দরকার। সাধারণ নির্বাচনে যার ভোট সবচেয়ে বেশি তিনিই জয়ী। এমনকি সেটা ৫০% এর নিচেও হতে পারে। তাই ত্রিভুজ রেসে ৪০-৪৫% নিয়েও জেতা সম্ভব। এখানেই ‘ভোট কাটাকাটি’ বড় ফ্যাক্টর।

শেষ রাতের তিনটা সহজ দৃশ্যপট: এক, বর্তমান জরিপ টার্নআউট ধারায় মামদানি প্লুরালিটিতে জিতে যান। দুই, কুওমোর সুযোগ তখনই, যখন স্লিওয়ার ভোটারদের একটা অংশ কৌশলগতভাবে কুওমোর দিকে সরে আসে। তিন, স্লিওয়ার জন্য শহর জুড়ে জেতা কঠিন। কিন্তু আউটার বরোতে তার শক্ত অবস্থান বিরোধী ভোটে বেশি কাটাকাটি ঘটালে তা উল্টো মামদানিকেই সুবিধা দিতে পারে।