নিউইয়র্ক সিটির ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থীর স্কুলবাস সেবা বন্ধ হওয়ার আশঙ্কা শেষ মুহূর্তে কাটলো। বুধবার গভীর রাতে সিটি পাবলিক স্কুলসের নীতি–নির্ধারণী প্যানেল স্কুল বাস ঠিকাদারদের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছায় বলে জানান সংশ্লিষ্ট আইনজীবী শন ক্রাউলি।
তিনি বলেন, প্যানেল ফর এডুকেশন পলিসি (PEP), শিক্ষা দফতর ও সিটি হল দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় বাস সেবা বজায় রাখা সম্ভব হয়েছে। তিনটি বাস কোম্পানির পক্ষ থেকে তিনি জানান, নিউইয়র্কের শিক্ষার্থীদের পরিবারগুলোকে সেবা দেওয়ার কাজ তারা আগের মতোই চালিয়ে যেতে পারবে।
চুক্তিটি তিন বছরের জন্য নবায়ন করা হয়েছে, যদিও ঠিকাদাররা গত গ্রীষ্মে অ্যাডামস প্রশাসনের সঙ্গে পাঁচ বছরের একটি খসড়া চুক্তিতে সম্মত হয়েছিলেন। প্যানেল সেই প্রস্তাবটি নাকচ করায় পুনরায় আলোচনার প্রয়োজন পড়ে।
নতুন শর্ত অনুযায়ী, বাস কোম্পানিগুলোকে কর্মীদের প্রশিক্ষণ বাড়াতে হবে, বিভিন্ন টাউন হলে প্রতিনিধিদের উপস্থিত রাখতে হবে এবং যেসব কোম্পানি বাসে জিপিএস ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থ হবে তাদের ওপর জরিমানাও আরোপ করা হবে।
বছরের পর বছর বিলম্বিত বাস, পৌছাতে না পারা সেবা, তীব্র গরম ও যাত্রাক্লান্তির মতো অভিযোগের পর সিটি কর্তৃপক্ষ এই শর্তগুলো জোরালোভাবে তোলে। গত মাসে কিছু কোম্পানি দীর্ঘমেয়াদি চুক্তি না পেলে চালকের ঘাটতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছিল।
জরুরি ভিত্তিতে কয়েক দফা স্বল্পমেয়াদি নবায়ন দেওয়ায় বাস সেবা এবং কর্মীদের চাকরি অটুট ছিল।
নতুন তিন বছরের চুক্তি গত গ্রীষ্ম থেকেই কার্যকর ধরা হবে। ফলে ২০২৮ সালে আবারও বাস চুক্তি পর্যালোচনার সময় আসবে।