নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো নবাবগঞ্জ উপজেলা এসোসিয়েশন অফ ইউএসএ’র নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান। গত ৯ নভেম্বর রোববার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি তার বক্তব্যে প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার সেবা চালুর উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং জানান যে বিদেশ থেকে ভোটার হলেও দেশে গিয়ে ভোট দেওয়া সম্ভব হবে না।
অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিনসহ আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহ এম নেওয়াজ, সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মূলধারার রাজনীতিক এটর্নি মঈন চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এম নাসের, এম বাসেত এবং ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি দুলাল বেহেদু।
নবনির্বাচিত সভাপতি গোলাম এন হায়দার মুকুটের সভাপতিত্বে এবং অভিষেক কমিটির সদস্য সচিব আসাদ জামানের পরিচালনায় অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। তারপর নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ, ইছামতির বাঁকে ম্যাগাজিনের উন্মোচন এবং কেক কাটা অনুষ্ঠিত হয়। একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্মান জানানো হয়। শপথ বাক্য পাঠ করান সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য দেন অভিষেক কমিটির আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ খালিদ আহমেদ বাবু এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন এবং জেনিফার রাজকুমারের পক্ষ থেকে নবাবগঞ্জ উপজেলা এসোসিয়েশনের কর্মকর্তাদের মাঝে সাইটেশনও প্রদান করা হয়।
বক্তারা সংগঠনের ঐক্য, সৌহার্দ্য এবং সহযোগিতার মাধ্যমে প্রবাসে নবাবগঞ্জ উপজেলা এসোসিয়েশনকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। নবাবগঞ্জ ছাড়াও দোহা, বৃহত্তর ঢাকা এবং বিভিন্ন জেলার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এই জমজমাট অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।