নজরুল একাডেমি অব ইউএসএ-এর “যুগপূর্তি ও নজরুল জয়ন্তী ২০২৫” উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান “অবিস্মরণীয় নজরুল” অনুষ্ঠিত হয় শনিবার, ১১ অক্টোবর, নিউইয়র্কের উডসাইডের ‘কুইন্স প্যালেস’-এ। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা চলা এ আয়োজনে সংগীত, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী বিপুল দর্শক-শ্রোতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডানা ইসলাম ও নিশাত খাজা। একাডেমির সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়।
নজরুল একাডেমির নিজস্ব শিল্পীদের পরিবেশনায়, সংগীত শিক্ষক লিমন চৌধুরীর পরিচালনায় “যাত্রীরা হুঁশিয়ার” সমবেত সংগীত পরিবেশিত হয়।
একাডেমির যুগপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় স্মৃতিচারণমূলক পর্ব “ফিরে দেখা”, যেখানে অংশ নেন অধ্যক্ষ আজিজুল হক, শিরিন আহমেদ, তাসের মাহমুদ ও শাহ আলম দুলাল। পর্বটি সঞ্চালনা করেন মোহাম্মদ মালেক।
‘আবৃত্তি’ পর্বে অংশ নেন ফারুক আজম, নাহরীন ইসলাম, জান্নাত সুলতানা ও কবির কিরণ।
‘সমবেত নারী কণ্ঠ’ পরিবেশনায় “জাগো নারী জাগো বহ্নিশিখা” গানটি পরিবেশন করেন ফারহানা তুলী ও চন্দ্রা রায়।
রাজিয়া নাজমীর সঞ্চালনায় সম্পূর্ণ নারী মঞ্চের বিশেষ পর্ব “প্রেম–দ্রোহে নজরুল ও নারী”-তে অংশ নেন মনিজা রহমান ও নীলা সাক্সেনা। নারী কবিতার আবৃত্তি করেন ডা. রুমানা সবুর।
একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর আহমেদ ও প্রতিষ্ঠাতা উপদেষ্টা মুত্তালিব বিশ্বাস-কে বিশেষ ফুলেল শুভেচ্ছা জানান শাহ আলম দুলাল, ডানা ইসলাম, রোকশান আরা ও মোহাম্মদ কিউ জামান।
রেহানা মতলুব-এর হাওয়াইয়ান গিটারে নজরুল সংগীত পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করে। পরবর্তীতে নীলা ডান্স একাডেমি নজরুল সংগীতের তালে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে।
“নবীন কণ্ঠ” পর্বে আজকের তরুণ প্রজন্মের শিল্পীরা—হিয়া, কামিল, আলভীন ও নিসা—নজরুল সংগীত পরিবেশন করে দর্শকদের প্রশংসা কুড়ায়। একক নৃত্য পরিবেশন করেন নীলা জারীন।
অনুষ্ঠানের শেষ পর্ব “সংগীতে সংগীতে নজরুল সন্ধ্যা”-তে অংশ নেন ফারহানা তুলী, লিমন চৌধুরী, শাহনাজ রহমান সুমি, চন্দ্রা রায় ও চন্দন চৌধুরী।
নজরুলপ্রেমে ভরপুর এ আয়োজনটি প্রবাসে কবি নজরুলের চেতনা, সংগীত ও সাহিত্যচর্চাকে আরও এক ধাপ এগিয়ে নিল বলে অভিমত অতিথি ও দর্শকদের।