এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৪ ডিসেম্বার ২০২৫, ০২:২৭ এ এম • অনলাইন সংস্করণ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও চেষ্টা বিক্ষোভকারীদের

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও চেষ্টা বিক্ষোভকারীদের

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ঘিরে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামে এক যুবক হত্যার প্রতিবাদে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সমর্থকরা এই বিক্ষোভের ডাক দেয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, বিক্ষোভকারীরা এক পর্যায়ে পুলিশের তৈরি নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

সাম্প্রতিক এই ঘটনার সূত্রপাত হয় কয়েক দিন আগে থেকেই। গত ২০ ডিসেম্বর রাতেও তিনটি গাড়িতে করে একদল মানুষ হাইকমিশনের সামনে এসে উসকানিমূলক স্লোগান দেয়। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টিকে সামান্য হিসেবে দাবি করে একে সংবাদমাধ্যমের বিভ্রান্তিকর খবর বলে অভিহিত করেছেন। তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের এই বক্তব্য প্রত্যাখ্যান করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, দিল্লির মতো উচ্চ নিরাপত্তা সম্বলিত এবং সংবেদনশীল এলাকায় উগ্র সংগঠনের সদস্যরা কীভাবে অনুমতি ছাড়া প্রবেশ করার সুযোগ পেল। কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে ঢাকার পক্ষ থেকে দিল্লির কাছে কড়া বার্তা দেওয়া হয়েছে।